ছোটপর্দার জুটি ফারহান আহমেদ জোভান ও তটিনী আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন। নির্মাতা জাকারিয়া সৌখিন পরিচালিত নতুন নাটক ‘কাজল চোখের মেয়ে’-তে দেখা যাবে এই দুই তারকাকে। রোমান্টিক গল্পের পাশাপাশি নাটকটিতে উঠে আসবে পারিবারিক আবেগ ও সম্পর্কের নানা দিক।নাটকে তটিনী অভিনয় করেছেন কাজল চরিত্রে এবং জোভানকে দেখা যাবে শুভ্রর ভূমিকায়। একটি একান্নবর্তী পরিবারকে ঘিরে এগিয়েছে গল্প। তবে পারিবারিক আবহের মধ্যেই মূলত প্রেমের গল্পই তুলে ধরা হয়েছে। নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা ও চিত্রনাট্যকার জাকারিয়া সৌখিন বলেন, “অনেক চোখই সুন্দর। কিন্তু কিছু চোখ গল্প বলে। কাজল মেখে সেই চোখ আরও মায়াময় হয়ে ওঠে। আপাতত এটুকুই বলতে চাই।”জোভান ও তটিনীকে নির্বাচনের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “গল্পটি এই দুজনের সঙ্গেই সবচেয়ে ভালো মানিয়েছে। চরিত্রের প্রয়োজন থেকেই তাদের নেওয়া হয়েছে। তটিনীর চোখ খুব সুন্দর, কাজল দিলে সেটি আরও আকর্ষণীয় লাগে, যা এই গল্পের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এমন একটি মেয়ের প্রেমে পড়ার জন্য জোভানের মতো একজনকেই প্রয়োজন ছিল।”নাটকটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন তটিনীও। তার ভাষায়, “সৌখিন ভাইয়ের রোমান্টিক নাটকগুলো সবসময়ই দর্শকের ভালো লাগে। এই নাটকটিও ব্যতিক্রম হবে না। আমরা অনেক যত্ন নিয়ে কাজটি করেছি। আশা করছি দর্শক নাটকটি উপভোগ করবেন।”জোভান বলেন, “সৌখিন ভাই খুব গোছানোভাবে কাজ করেন। তাঁর নির্মাণে একটি পরিচ্ছন্নতা থাকে, যা পর্দায় স্পষ্ট বোঝা যায়। তাঁর সঙ্গে আগেও বেশ কয়েকটি কাজ করেছি। ‘কাজল চোখের মেয়ে’ আমাদের নতুন সংযোজন।”
নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন স্নেহা, আনন্দ খালেদ, মিলি বাশারসহ আরও অনেকে। নাটকটিতে রয়েছে দুটি গান। গানের কথা লিখেছেন সোমেশ্বর অলি এবং সুর করেছেন সাজিদ সরকার। রোমান্টিক গান দুটিতে কণ্ঠ দিয়েছেন মাহতিম সাকিব ও রুমি রুশা। আর বিষাদঘন গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রিয়। নির্মাতা জানিয়েছেন, বর্তমানে ‘কাজল চোখের মেয়ে’-র সম্পাদনার কাজ চলছে। শিগগিরই এটি ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।








