বিশ্বকাপে আর্জেন্টিনার ভাগ্য বেশ সুখকর নয়। ৩ বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও অন্য টুর্নামেন্টগুলো ছোট ছোট ভুল এবং অপেক্ষাকৃত দুর্বল দলের সঙ্গে হারার রেকর্ড বেশ পীড়া দিয়েছে তাদের। কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা সেই রকম পীড়াদায়ক একটি ম্যাচ খেললো।
ম্যাচে দুইবার এগিয়ে গিয়েও কেপ ভার্দে সমতায় ফেরে। শেষমেষ ৩-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্কালোনির দল। একটা সময় মনে হচ্ছিল আর্জেন্টিনা বুঝি আর পারবে না।
আরও পড়ুন
‘১০০তম ম্যাচটি হারলে এটা স্রেফ পাগলামি হতো’
এমন প্রশ্ন সবার মনেই ছিল। সাংবাদিক সম্মেলনে সেই প্রশ্নই করলেন একজন। কখনও কি মনে হয়েছিল আর্জেন্টিনা বিদায় নিতে পারে? জবাবে স্কালোনি বলেন, ‘আমি একটু সন্দেহপ্রবণ মানুষ, তাই ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত নিজেকে কখনও বিজয়ী ভাবি না। অভিজ্ঞতা আমাকে সেটাই শিখিয়েছে। তবে সত্যি বলতে ম্যাচটি খুব কঠিন ছিল। যদিও আমরা খেলার নিয়ন্ত্রণে ছিলাম, তবুও ফল অন্য দিকেও যেতে পারতো।’
ম্যাচে কেপ ভার্সের সিডনি লোপেজ দুর্দান্ত এক গোল করেন। যেই গোলের রেশ ছিল বেশ কিছুক্ষণ। স্কালোনি কেপ ভার্দের ওই গোল সম্পর্কে বলেন, ‘ওটা ছিল অবিশ্বাস্য এক গোল। আমরা জানতাম সে ভেতরে কেটে ডান পায়ে শট নিতে পছন্দ করে। কিন্তু যতই ভিডিও দেখুন না কেন, যদি সে বলটা ওই জায়গায় রাখতে পারে, তাহলে থামানো অসম্ভব।’
আরও পড়ুন
‘খেলোয়াড়দের মধ্যে সমন্বয় ঠিক ছিল না’ জিতেও নাখোশ মেসি
এই ম্যাচকে সৌদি আরবের বিপক্ষে ২০২২ সালের হারার ম্যাচটাকে তুলনা করতে চান না এই আর্জেন্টাইন কোচ। তিনি এক প্রশ্নের উত্তরে বলেন, ‘সেই ম্যাচের তুলনায় আজ দলের প্রতিক্রিয়া অনেক ভালো ছিল। এখন আমাদের অভিজ্ঞতা বেশি। খেলোয়াড়রা জানে বিশ্বকাপে খেলার চাপ কেমন। সেদিন দল নিজেদের সেরা ছন্দে ছিল না, কিন্তু আজ তা ছিল।’
আরআর/এমএমআর








