কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরী উপজেলায় পৃথক ঘটনায় বন্যার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় এবং বিকেলে চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাইজ কাকারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- চকরিয়া উপজেলার মাইজ কাকারা এলাকার সোলতান আহমদের ছেলে ওয়াকিম (২) এবং মাতামুহুরী উপজেলার চরপাড়া এলাকার আরিফুল ইসলামের ছেলে পুষ্প (৩)।
স্থানীয়রা জানান, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে লোকালয়ে পানি ঢুকে রাস্তাঘাট, বাড়ির উঠান ও আশপাশের এলাকা তলিয়ে গেছে। বৃহস্পতিবার বাড়ির পাশে জমে থাকা পানিতে পড়ে যায় দুই শিশু। দীর্ঘ সময় স্বজনরা তাদের দেখতে না খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া ও মাতামুহুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, “বন্যার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”








