রাজধানীর কলাবাগানে একটি বাসায় বিস্ফোরণে তিন যুবক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদের একজনের অবস্থা গুরুতর। গত বুধবার রাত পৌনে ১২টার দিকে কলাবাগানের ফ্রি স্কুল স্ট্রিটের বক্স কালভার্ট রোডে আবুল বাশারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেন। দগ্ধরা হলেন রানা, জুয়েল ও পারভেজ। তারা রাজধানীর পান্থপথ এলাকার ভিন্ন ভিন্ন ফার্নিচারের দোকানে কর্মচারী হিসাবে কাজ করেন। তাদের হাসপাতালে নিয়ে আসা ফার্নিচার ব্যবসায়ী ইমরান হোসেন রাজিব জানান, জুয়েল ওই বাসায় পরিবারের সঙ্গে থাকতেন। তবে পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে থাকায় বুধবার রাতে তিনি বন্ধু রানা ও পারভেজকে নিয়ে বাসায় যান। পরে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নেওয়া হয়।
ইমরান আরও জানান, সাততলা ভবনের নিচতলায় জুয়েলদের বাসার নিচেই একটি সেপটিক ট্যাংক রয়েছে। দীর্ঘদিন ধরে তাদের কক্ষের মেঝে অস্বাভাবিক গরম হয়ে থাকত। বিষয়টি জুয়েলের পরিবার বাড়ির মালিককে একাধিকবার জানালেও তিনি গুরুত্ব দেননি। এ ছাড়া বাড়ির পাশ দিয়ে যাতায়াতের সময় গ্যাসের গন্ধ পাওয়া যেত।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই গ্যাস কক্ষের ভেতরে জমে ছিল। রাতে দিয়াশলাই জ্বালালে বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক হারুনুর রশিদ জানান, হাসপাতালে ভর্তি রানার শরীরের ৬৩ শতাংশ, জুয়েলের ৩০ এবং পারভেজের ২১ শতাংশ দগ্ধ হয়েছে। রানাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। জুয়েল ও পারভেজ বার্ন ইউনিটে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।








