বরিশালের গৌরনদী উপজেলায় রাতের আঁধারে ছোট-বড় ৮০টি কলাগাছ কেটে ফেলেছে দৃর্বৃত্তরা। এ ঘটনায় সোমবার (২৯ জুন) দুপুরে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী বাগান মালিক ও দক্ষিণ গোবর্ধন গ্রামের বাসিন্দা মোহাম্মদ কামরুজ্জামান অভিযোগ করে বলেন, ‘‘গোবর্ধণ বকুলতলা মসজিদ সংলগ্ন ২৪ শতক সরকারি জমি লিজ নিয়ে শতাধিক কলাগাছ রোপণ করি। গাছ মোচা বের হওয়ার উপযোগী হয়েছে। সোমবার সকালে বাগানে গিয়ে দেখি ৮০টি কলাগাছ কে বা কারা কেটে ফেলেছে।’’  

তিনি আরও বলেন, ‘‘স্থানীয় একটি পক্ষের সঙ্গে জমি নিয়ে আমার বিরোধ রয়েছে। এর আগেও তারা জোর করে আমার পুকুরের মাছ ধরে নিয়েছিল। ধারণা করছি, আমার প্রতিপক্ষ রাতের আঁধারে এই কাজ করেছে।’’

স্থানীয় বাসিন্দা হালান সরদার বলেন, মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতে পারে। তাই বলে গাছের সঙ্গে মানুষের এ কেমন শত্রুতা! যারা এ কাজ করেছে, তাদের আইনের আওতায় এনে বিচার করা উচিত। 

গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।