ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ককে ছয় লেনে উন্নীত, কুয়াকাটা পর্যটনকেন্দ্রকে আধুনিক করা ও পায়রা বন্দরকে পূর্ণাঙ্গ রূপে চালুসহ নয় দফা দাবিতে প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা নাগরিক সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কলাপাড়া থেকে কুয়াকাটা পর্যন্ত দীর্ঘ এ মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক নেতারা, ব্যবসায়ী, প্রেস ক্লাব, রাজনৈতিক সংগঠন, শিক্ষার্থী ও সর্বস্তরের হাজার হাজার সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধনে অন্তত ৩০টি স্পটে অবস্থানকারীরা বক্তব্য দেন। নাগরিক সমাজের নেতৃত্ব দেন কলাপাড়া পৌরসভার সাবেক মেয়র উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন সিকদার। তিনি বলেন, পর্যটনকেন্দ্র কুয়াকাটা, পায়রা সমুদ্রবন্দর এবং ১৩২০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি তাপবিদ্যুৎকেন্দ্রসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা কলাপাড়ায় স্থাপিত হয়েছে। সারা বছরই এ সড়কে যানবাহনের চাপ লেগেই থাকে। মহাসড়কটি সরু হওয়ায় প্রায় সময় যানজট ও দুর্ঘটনা ঘটে। ফলে পর্যটন শিল্প, ব্যবসা-বাণিজ্য এবং দক্ষিণাঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টি হচ্ছে। ছয় লেনের মহাসড়ক নির্মিত হলে রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ আরও সহজ, নিরাপদ ও গতিশীল হবে।








