রংপুরে ছাদ থেকে পড়ে কলেজছাত্রী নুজশাত জাহানের মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় মেডিকেল কলেজের শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সাকিনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৮ জুন) দুপুরে রংপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ড. মুহাম্মদ রাশেদ হোসাইন রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।
এর আগে সকাল ১১টার দিকে কারাগার থেকে সাকিনকে আদালতে নেওয়া হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম রফিক বিচারকের কাছে সাকিনের তিন দিনের রিমান্ড আবেদন করেন। সাকিনের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন।
শুনানি শেষে আদালত আগামী তিন দিনের যেকোনো একদিন জিজ্ঞাসাবাদের জন্য সাকিনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং জামিন আবেদন নাকচ করে দেন। পরে পুলিশি নিরাপত্তায় তাকে আবার কারাগারে নেওয়া হয়।
বাদীপক্ষের আইনজীবী আবু হায়দার মো. আব্দুল মুবিন বলেন, মামলার উপাদান এবং মোবাইল ফোনের তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে তদন্তকারী কর্মকর্তা আদালতে রিমান্ডের আবেদন করেন। আদালত তা বিবেচনা করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
তিনি আরও বলেন, গত ১৬ জুন রাত সাড়ে ৩টার দিকে সাকিন নুজশাতকে মোবাইলে ফোন করে টানা ৫০ মিনিট ১২ সেকেন্ড কথা বলেন। এছাড়া গত তিন মাসে তাদের মধ্যে ১১৮ বার মোবাইলে কথোপকথন ও বার্তা আদান-প্রদান হয়েছে। গভীর রাতে কোনো শিক্ষকের সঙ্গে একজন ছাত্রীর এত দীর্ঘ সময় কথা বলা স্বাভাবিক নয় বলেও তিনি মন্তব্য করেন।
গত ২২ জুন বিকেলে রংপুর নগরীর নর্থ ভিউ আবাসিক হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নুজশাত জাহানের মৃত্যু হয়। এ ঘটনায় পর দিন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন নিহতের বাবা নজরুল ইসলাম। ওই দিন বিকেলে অভিযুক্ত রংপুর মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী ও নুজশাতের প্রাইভেট শিক্ষক শাহরিয়ার আহমেদ সাকিনকে গ্রেপ্তার করে পুলিশ।








