বঙ্গোপসাগরে ভাসতে থাকা দুই শ্রীলঙ্কান জেলেকে জীবিত উদ্ধার করেছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার একদল জেলে। তারা বাবা-ছেলে এবং দীর্ঘদিন বঙ্গোপসাগরে ভেসে থাকার দাবি করেছেন।

উদ্ধারকৃতরা হলেন- এসএইচ চামিন্দা (৫১) ও তার ছেলে সাউন্ডা হান্নাদিগিপিয়াওয়াটিং (৩০)। তাদের বাড়ি শ্রীলঙ্কার ডেভিনুওয়ারা এলাকার রুরাল হসপিটাল রোডে।

উদ্ধারকারী জেলে দলের প্রধান জিয়াউর রহমান বলেন, দুই জন নিজেদের শ্রীলঙ্কার নাগরিক ও সম্পর্কে বাবা-ছেলে বলে পরিচয় দিয়েছেন। মাছ ধরার সময় তারা নিখোঁজ হন। এরপর গত ৩৬ দিন সমুদ্রে ভাসমান অবস্থায় কাঁচা মাছ খেয়ে বেঁচে ছিলেন বলে দাবি করেছেন।

মহেশখালী থানার ওসি মো. আব্দুস সুলতান বলেন, মাছ ধরার উদ্দেশে গত জুন মাসের শুরুতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি বলে জানিয়েছেন তারা। কীভাবে দুই জন সমুদ্রে ভেসে গেলেন, আদৌ তারা দীর্ঘদিন সাগরে ভেসে ছিলেন কি না এবং তাদের পরিচয় সম্পর্কিত অন্যান্য তথ্য যাচাই করা হচ্ছে।

তিনি আরো বলেন, এ ঘটনায় তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। একইসঙ্গে শ্রীলঙ্কান সরকারের সঙ্গেও যোগাযোগের প্রস্তুতি চলছে। এখন তারা পুলিশ হেফাজতে আছেন। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করে তাদের কারাগারে পাঠানো হবে।