নীলফামারীর কিশোরগঞ্জে বিয়ে শেষে কনে নিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছে বর-কনেসহ অন্তত ১২ জন। 

শুক্রবার (১৭ জুলাই) মধ্যরাত ৩টার দিকে কিশোরগঞ্জ থেকে টেংগনামারী সড়কের শাল্টিবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

মারা যাওয়ারা হলেন- নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার জিকরুল ইসলামের সাত মাস বয়সী ছেলে জীবন ইসলাম এবং একই এলাকার মোজা মিয়ার ছেলে রিয়াদ ইসলাম (২০)। রিয়াদ চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাতে কচুকাটা বন্দরপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোরছালিনের সঙ্গে কিশোরগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের কেশবা গ্রামের শরিফ মিয়ার মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ে হয়। বিয়েতে বরযাত্রী হিসেবে প্রায় ১৫ জন অংশ নেন। নববধূকে নিয়ে মাইক্রোবাসে করে বাড়ি ফেরার পথে রাত ৩টার দিকে শাল্টিবাড়ি এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা বর-কনেসহ অন্তত ১৪ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জীবন ইসলাম ও রিয়াদ ইসলামকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ১২ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব বলেন, ‍“রাতে ১৪ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করা হয়েছে। বাকি ১২ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর গফুর বলেন, “আইনি প্রক্রিয়া শেষে দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন।”