নলডাঙ্গায় পিপরুল ইউনিয়নের বাঁশভাগ গ্রামের জামায়াত কর্মী আব্দুল গফুরের বাড়ির দরজায় বুধবার কাফনের কাপড় ও চিরকুট রেখে হত্যার হুমকির ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অজ্ঞাত ব্যক্তির রেখে যাওয়া চিরকুটে প্রাণনাশের হুমকি দেওয়ায় পরিবারটি চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। জানা যায়, বুধবার ভোরে আব্দুল গফুর মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার সময় কাফনের কাপড় ও চিরকুট দেখতে পান। মঙ্গলবার রাতে কে বা কারা বাড়ির দরজায় একটি কাফনের কাপড় ও চিরকুট রেখে যায়। চিরকুটে লেখা, ‘সময় থাকতে ভালা হয়ে যা। পরে আর নাও সময় পেতে পারিস। আল্লাহ ছাড়া বাঁচাবার মতো কেউ নাই। অবস্থা খারাপ হওয়ার আগে ভালো হয়ে যা। আল্লাহ তোকে হেদায়েত দিক।’ ভুক্তভোগী পরিবারের সদস্য আব্দুল গফুর ও আব্দুল বারিক জানান, হঠাৎ এমন অপ্রত্যাশিত ও ভয়ংকর হুমকির ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।