ময়মনসিংহের ভালুকায় একটি কারখানার পানি পরিশোধন ট্যাংক পরিষ্কার করতে নেমে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে সিডস্টোর এলাকার এক্সিলেন্ট সিরামিকস কারখানায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খুলনা জেলার শফিকুল ইসলাম (৩০) ও নেত্রকোণা জেলার রুমেল (২৫)। নিহতরা বহিরাগত শ্রমিক ছিলেন।

ভালুকা শিল্প পুলিশের পরিদর্শক ইমারত গাজি বলেন, “নিহত দুই শ্রমিক কারখানার নিয়মিত শ্রমিক না। দৈনিক চুক্তি ভিত্তিক শ্রমিক হিসেবে কাজ করছিলেন। সকাল ১০টার দিকে তারা সিরামিকস কারখানার পানি পরিশোধনাগার ট্যাংক পরিষ্কার করছিলেন। তাদের মধ্যে শফিকুল প্রথমে ওই ট্যাংক পরিষ্কার করতে নামেন। নামার পর শফিকুলের কোনো সাড়া শব্দ না পেয়ে রুমেল তার সন্ধানে ট্যাংকে নামেন। একপর্যায়ে তারা ট্যাংকের ভেতর অজ্ঞান হয়ে পড়েন।”

তিনি বলেন, “বিষয়টি অন্যান্য শ্রমিকরা টের পেয়ে তাদের উদ্ধার প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”

ইমারত গাজি আরো বলেন, “বর্তমানে কারখানার পরিস্থিতি শান্ত রয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিদর্শক (এসআই) মো. সুজাউদ্দিন বলেন, “ভালুকার এক্সিলেন্ট সিরামিকস কারখানার পানি পরিশোধন ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।”