তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারলে বেকারদের ক্ষোভ থেকেই দেশে আরেকটি অভ্যুত্থানের পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সরকারকে সতর্ক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে উল্লাপাড়ার পৌর মুক্ত মঞ্চে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক সমাবেশে তিনি এ সতর্কবার্তা উচ্চারণ করেন।
সারজিস আলম বলেন, “আপনারা আমাদের গণঅভ্যুত্থানের সহযোদ্ধা ছিলেন। নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যদি তা করতে ব্যর্থ হন, যেদিন চাকরিহীন তরুণরা বিক্ষুব্ধ হবে, সেদিন কর্মসংস্থানের অভাব থেকেই আরেকটি অভ্যুত্থান হতে পারে।”
তিনি বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট অসংখ্য মানুষ একটি বৈষম্যহীন ও পরিবর্তিত বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। কিন্তু, দুই বছর পেরিয়ে গেলেও সেই প্রত্যাশার অনেকটাই অপূর্ণ রয়ে গেছে। এ কারণেই এনসিপি শুধু ঢাকাকেন্দ্রিক রাজনীতিতে সীমাবদ্ধ না থেকে দেশের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মানুষের কাছে গিয়ে তাদের প্রত্যাশা ও সমস্যার কথা শুনছে।”
বিদ্যুৎ পরিস্থিতির সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, “শুধু কথার ফুলঝুরি নয়, কথার সঙ্গে কাজের মিল দেখতে চাই। বিদ্যুৎমন্ত্রীর নিজ জেলা সিরাজগঞ্জের উল্লাপাড়াতেও লোডশেডিং হচ্ছে। মানুষ বাস্তব উন্নয়ন দেখতে চায়।”
সরকারের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনি ইশতেহারে দেড় বছরের মধ্যে ১ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু, কয়েক মাস পার হলেও উল্লাপাড়ায় নতুন করে উল্লেখযোগ্য কর্মসংস্থান সৃষ্টি হয়নি। বরং বেকারত্ব ও মানুষের কষ্ট আরো বেড়েছে।”
সারজিস আলম বলেন, “অনেক তো কার্ড দেওয়া হয়েছে। এবার তরুণদের জন্য ‘বেকার কার্ড’ দেওয়াও শুরু করতে পারেন।”
সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ, যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় কমিটির নেতারা।








