প্রথম প্রেমের মতো, প্রথম কবিতা এসে বলে

‘হাত ধরে নিয়ে চলো অনেক দূরের দেশে...’

আর্লিং হলান্ডকে হাত ধরে এই বিশ্বকাপ কি নিয়ে যাবে অনেক দূরের দেশে? কোন সেই দেশ? যেখানে আনন্দ লুট হয় না। সুখকে বিরক্ত করে না দুঃখ-দুর্দশা। সেই দেশে হলান্ড সত্যিই যেতে চান কি না, এও এক প্রশ্ন। কিন্তু নিজের প্রথম বিশ্বকাপকে ‘বহতা নদী’ বানিয়ে নরওয়ের এই গোলমেশিন আপাতত সুখে দিনাতিপাত করছেন। স্বপ্নযাত্রা অব্যাহত রয়েছে তার। কে যেন বলেছেন, পরিব্রাজক যদি যাত্রাটা উপভোগ করে, গন্তব্য যতই দূরে হোক, পথচলাটাই হয়ে ওঠে আনন্দের।

টেক্সাসের ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে হলান্ডের গোলে আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে হারিয়ে নরওয়ে পৌঁছে গেছে শেষ ষোলোতে। ‘১৬’ এমনিতে একটি ‘সুইট সংখ্যা’। সেটি আবার স্ক্যানডিনেভিয়ান দেশ স্পর্শ করেছে ২৫ এর এক সুপার স্ট্রাইকারের সৌজন্যে। ৮৬ মিনিটে তার পা থেকে আসা গোলে নরওয়ের জয়চুম্বন। ম্যাচ শেষে নিজের গোল নিয়ে রসিকতা করতে ভোলেননি হলান্ড। ‘আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই ভাবলাম, অতিরিক্ত সময়ে ম্যাচ গেলে আর পারব না। গোলটা করতে হবে...।’ সাফল্য যখন ধরা দেয়, মজা তখন করাই যায়।

নরওয়ের হয়ে ৫৩ ম্যাচে ৬০ গোল হলো ম্যানচেস্টার সিটির ঝুঁটি বাঁধা ফরোয়ার্ড হলান্ডের। গোল যেন তার কাছে মুড়ি-মুড়কি। তিন কাঠির ভেতর বল পাঠাতে, জাল কাঁপাতেই তার আনন্দ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পর্তুগালের হয়ে ১২৯ ম্যাচে ৬০ গোল করেছিলেন ৩১ বছর বয়সে। হলান্ড পঁচিশেই সেই কীর্তি গড়েন সিআর সেভেনের চেয়ে ৭৬ ম্যাচ কম খেলে। লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে ৬০তম গোল করেছিলেন নীল-সাদা জার্সিতে নিজের ১২৯তম ম্যাচে, ৩০ বছর বয়সে। এমনকি, ২৭ বছর বয়সে কিলিয়ান এমবাপ্পে ৬০তম গোল পেয়েছেন গত সপ্তাহে ইরাকের বিপক্ষে এই বিশ্বকাপে ফ্রান্সের হয়ে নিজের ১০০তম ম্যাচে।

বিশ্বকাপে এ পর্যন্ত পাঁচটি গোল হলো হলান্ডের। মেসি ও এমবাপ্পের ঠিক পেছনে রয়েছেন তিনি। প্রথম দুজনের ছয়টি করে গোল। গোল্ডেন বুটের দৌড়ে তিনজনই ছুটছেন। কার দৌড় কোথায় কখন থামবে, কেউ জানে না। হলান্ড শুধু জানেন, ‘এখান থেকে যতদূর যাব, সবটাই বোনাস। এই অর্জন অবিশ্বাস্য। ঐতিহাসিক। ২৮ বছর পর আমরা বিশ্বকাপে। এবার সামনে ব্রাজিল। তাই তো বলছি, এখান থেকে যা পাব, সবই উপরি পাওনা। এখন সময় শুধু উপভোগ করার। মনে হয় না যে, এই অনুভূতি আবার কখনো হবে।’ রোববার নিউইয়র্কে কে কার জন্য হুমকি? ব্রাজিলের জন্য নরওয়ে, না নরওয়ের জন্য ব্রাজিল? অত ভাববার দরকার কী? হলান্ড তো বলেছেনই, এখান থেকে যা উদ্বৃত্ত থাকবে সবই বোনাস।