কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ আজ মঙ্গলবার (৩০ জুন) সকালে দেশে পৌঁছাবে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহগুলো দেশে আনা হচ্ছে।

গতকাল সোমবার (২৯ জুন) কাতারে বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাতারের স্থানীয় সময় সোমবার রাত সোয়া ১০টায় দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে মরদেহগুলো পাঠানো হবে। ফ্লাইটটি মঙ্গলবার সকাল ৬টা ৫০ মিনিটে সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

নিহতরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার মোস্তাক আহমদ আফনান (৩০), জুবায়ের আহমদ (৩০), জসিম উদ্দিন (৩০), জিবাল আহমেদ (৩৬) এবং কাদির আহমদ (২৪)।

গত ২১ মে কাতারের শাহানিয়া এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন। সেদিন কর্মস্থলে যাওয়ার পথে তাদের বহনকারী পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিক ছিলেন।

দুর্ঘটনার পর নিহতদের মরদেহ কাতারের একটি স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছিল। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সেগুলো স্বজনদের কাছে হস্তান্তরের জন্য দেশে পাঠানো হচ্ছে।

The post কাতারে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে appeared first on ZoomBangla.