জন্মদিনের কেক কাটতে গিয়ে অপ্রত্যাশিত এক চমকে পড়লেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। কেকে ছুরি চালাতেই বাধা পান তিনি। পরে কেকের ভেতর থেকে বেরিয়ে আসে একটি ছোট রহস্যময় বাক্স। সেটি জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত সবার কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
পূর্ণিমার জন্মদিন উপলক্ষে বিশেষ এই আয়োজন করে চ্যানেল আই। ‘জোছনার ওপারে পূর্ণিমা’ শিরোনামের অনুষ্ঠানের শুটিংয়ে গিয়ে একের পর এক চমকে অভিভূত হন এই অভিনেত্রী।
আরও পড়ুন
‘আল্লাহর চেয়ে বড় আর্টিস্ট আর কে আছেন!’, যে কারণে বললেন কনকচাঁপা
অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর থেকেই ছিল ভিন্ন আবহ। চ্যানেল আইয়ের মূল ফটক থেকে স্টুডিও পর্যন্ত পূর্ণিমার প্রায় তিন দশকের অভিনয়জীবনের বিভিন্ন মুহূর্তের আলোকচিত্র দিয়ে সাজানো হয় করিডর। লালগালিচা পেরিয়ে স্টুডিওতে প্রবেশের সময় নিজের দীর্ঘ ক্যারিয়ারের নানা স্মৃতির মুখোমুখি হন তিনি।
স্টুডিওতে তাকে স্বাগত জানান সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল। পরে একটি আড্ডাভিত্তিক অনুষ্ঠানে অভিনয়জীবনের শুরু, স্মরণীয় সিনেমা, প্রিয় সহশিল্পী, গান, খাবার এবং ব্যক্তিজীবনের নানা অজানা গল্প তুলে ধরেন পূর্ণিমা।
সবশেষে আসে অনুষ্ঠানের সবচেয়ে বড় চমক। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে পাশে নিয়ে কেক কাটতে গিয়ে হঠাৎ কেকের ভেতরে একটি ছোট বাক্স খুঁজে পান পূর্ণিমা। তবে সেই বাক্সে কী ছিল, তা এখনই প্রকাশ করেননি আয়োজকরা।
আরও পড়ুন
পূর্ণিমাকে ভালোবাসায় ভরিয়ে দিলেন স্বামী
অপ্রত্যাশিত এই উপহার পেয়ে আনন্দিত পূর্ণিমা জানান, জন্মদিনের এমন ব্যতিক্রমী আয়োজন তার স্মৃতিতে দীর্ঘদিন রয়ে যাবে।
ইফতেখার মুনিমের প্রযোজনায় ‘জোছনার ওপারে পূর্ণিমা’ অনুষ্ঠানটি আজ শনিবার দুপুর ১২টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে।
প্রসঙ্গত, ১৯৮১ সালের ১১ জুলাই চট্টগ্রামের ফটিকছড়িতে জন্মগ্রহণ করেন চিত্রনায়িকা পূর্ণিমা। মাত্র ১৫ বছর বয়সে জাকির হোসেন রাজু পরিচালিত রিয়াজের বিপরীতে ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় তার। প্রায় তিন দশকের ক্যারিয়ারে তিনি ৮০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন।
২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘মনের মাঝে তুমি’ সিনেমা তাকে তারকাখ্যাতির শীর্ষে পৌঁছে দেয়। রিয়াজ, মান্না, শাকিব খান, ফেরদৌস, আমিন খান, রুবেল, কাজী মারুফ ও আরিফিন শুভসহ দেশের শীর্ষ নায়কদের সঙ্গে জুটি বেঁধে অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি।
বাণিজ্যিক চলচ্চিত্রের পাশাপাশি সাহিত্যনির্ভর কাজেও প্রশংসিত পূর্ণিমা ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা ও নাটকেও সফল এই তারকা।
এলআইএ








