ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

রবিবার (৫ জুলাই) রাত ১১টার দিকে তিনি তেহরান থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এর আগে, গত ২ জুলাই স্পিকার তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সফরকালে তিনি বাংলাদেশের পক্ষে আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদন করেন।

তেহরানের গ্র্যান্ড মোসল্লায় অনুষ্ঠিত শোকানুষ্ঠানে স্পিকার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। একই সঙ্গে তিনি ইরানের প্রেসিডেন্ট  মাসুদ পেজেশকিয়ান ও দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ইরানের জনগণের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান।

বৈঠকে স্পিকার সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। এ সময় তিনি গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

আয়াতুল্লাহ আলি খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। তিনি ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় মারা যান। তার বয়স হয়েছিল ৮৬ বছর।