প্রকল্প বাস্তবায়ন হওয়ার পর খরচ না হওয়া ৮৩ লাখ ৯ হাজার ৭৯০ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ার নজির স্থাপন করেছেন সিরাজগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ। সরকারি বরাদ্দের টাকা লোপাট বা অপচয়ের সংবাদের ভিড়ে সততা ও দায়িত্বশীলতার এমন উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে তিনি জেলাজুড়ে প্রশংসায় ভাসছেন।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে সিরাজগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন প্রকল্পের ফিল্ড অফিসার হাবিবুল্লাহ রাষ্ট্রীয় কোষাগারে অর্থ ফেরতের বিষয়টি নিশ্চিত করেন৷
তিনি জাগো নিউজকে বলেন, ২০২৫-২০২৬ অর্থবছরে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ৭৪ লাখ ২ হাজার ৬৭৭ টাকা, দারুল আরকাম শিক্ষা সু-সংহত প্রকল্পের ১ লাখ ১৭ হাজার ১১৩ টাকা ও গণভোট প্রচারের উদ্দেশ্যে ইমাম সম্মেলনের উদ্বৃত্ত ৬ লাখ ১০ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। উপ-পরিচালকের ন্যায়নিষ্ঠা ও সততার ফল হিসেবেই এই অর্থ ফেরত দেওয়া হয়। অতীতে কখনো এত মোটা অঙ্কের টাকা ফেরত দেওয়া হয়নি বলেও তিনি জানান।
জানা যায়, ২০২০ সালে ৯ আগস্ট মোহাম্মদ ফারুক আহামেদ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক হিসেবে সিরাজগঞ্জে যোগদান করেন। যোগদানের পর জেলার নয়টি উপজেলার মাঠপর্যায়ে নিয়মিত পরিদর্শন, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় ও বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করেন তিনি। ফলে প্রকল্পগুলোর কার্যক্রমে শৃঙ্খলা ও গতি বাড়ে।
শুধু তাই নয়, তার নেতৃত্বে সরকারি যাকাত আদায়ে সিরাজগঞ্জ জেলা জাতীয় পর্যায়ে সম্মানজনক অবস্থান অর্জন করেছে। একইসঙ্গে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে নিয়মিত তদারকিতে প্রান্তিক পর্যায়ের শিশুদের মধ্যে ধর্মীয়, নৈতিক ও মানবিক মূল্যবোধের শিক্ষা আরও বিস্তৃত হয়েছে।
রাষ্ট্রীয় কোষাগারে অর্থ ফেরত দেওয়ার বিষয়ে উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ জাগো নিউজকে বলেন, প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়নের পর সরকারি অর্থ উদ্বৃত্ত থাকায় রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়েছি। এটা কোনো বাহাদুরি নয়। দায়িত্ববোধ ও স্বচ্ছতার জায়গা থেকে এটা করা হয়েছে।
এম এ মালেক/এফএ/এএসএম








