বলিউড বাদশা শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘কিং’। এ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে শাহরুখ কন্যা সুহানা খানের। সিনেমাটির একঝলক মুক্তির পর শাহরুখের লুক ও ধুন্ধুমার অ্যাকশনে বুঁদ হয়ে আছেন ভক্ত-অনুরাগীরা। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে অভিনয় করছেন ভারতীয় বাংলা সিনেমার কমেডিয়ান খরাজ মুখার্জি। 

কয়েক দিন আগে সিনেমাটির শুটিং শেষ করে মুম্বাই থেকে কলকাতায় ফিরেছেন খরাজ মুখার্জি। ভারতীয় একটি গণমাধ্যমে সেই অভিজ্ঞতার কথাই জানিয়েছেন এই অভিনেতা। খরাজ মুখার্জি বলেন, “কাজের অভিজ্ঞতা অসাধারণ। যদিও ছোট একটি চরিত্র করেছি।”  

শাহরুখ খানের ব্যবহারের প্রশংসা করে খরাজ মুখার্জি বলেন, “শাহরুখ খান দারুণ মানুষ। কাজ ছাড়া কিছুই বোঝেন না। যতক্ষণ সেটে আছেন, অন্য কোনো বিষয় নিয়ে আলোচনাও করেন না, জোরে কথাও বলেন না। তাই অন্যেরাও একেবারে চুপ করেই কাজ করেন। মাঝে কেবল একবার অল্প কিছু খেয়ে নেন। উনার শুটিং শুরু হয় দুপুর ২টা থেকে, চলে রাত ২টা পর্যন্ত। আমার জন্য সেটা খুবই সুবিধার হয়েছিল।” 

মেয়ে সুহানাকে প্রতিটি বিষয়ে দিকনির্দেশনা দিচ্ছেন শাহরুখ খান। শুটিং সেটের ঘটনা উল্লেখ করে খরাজ মুখার্জি বলেন, “মেয়ের প্রথম সিনেমা বলে পুরোটাই গাইড করছেন শাহরুখ খান। খুব কেয়ারিং। মেয়েকে সবটাই অভিনয় করে দেখিয়ে দিচ্ছেন। শুয়ে থাকার একটা দৃশ্য আছে সুহানার। সেটার শুটিং হচ্ছে, সেই সময়ে শোয়ার ভঙ্গিও নিজে অভিনয় করে দেখিয়ে দিলেন শাহরুখ। মাথাটা কীভাবে হেলিয়ে রাখতে হবে, সবটা দেখিয়ে দিচ্ছেন তিনি।” 

খানিকটা ব্যাখ্যা করে খরাজ মুখার্জি বলেন, “বাবার সত্তা তো কাজ করছেই। অভিনেত্রী হিসেবে সুহানার যাতে কোনো ত্রুটি না থাকে, সেই দিকটাও সমান গুরুত্ব দিয়ে দেখছেন নায়ক। সুহানার সঙ্গেই বেশির ভাগ দৃশ্য ছিল আমার। শাহরুখজির সঙ্গেও দৃশ্য ভাগ করেছি। তিনি আমার প্রশংসা করেছেন, এটাই প্রাপ্তি।” 

শুটিং সেটে শাহরুখ খানের সঙ্গে কথোপকথনের ঘটনা স্মরণ করে খরাজ মুখার্জি বলেন, “আমার শুটিংয়ের শেষ দিন দেখা করে বললাম, ‘আপনি তো চরিত্রের লুকে আছেন। তাই ছবি তোলা যাবে না। আপনার একটা অটোগ্রাফ পাওয়া যাবে? আমি তা হলে স্মৃতিটুকু আমার কাছে রেখে দেব।’ তারপর নিজে থেকেই এগিয়ে এসে শাহরুখ বললেন, ‘অবশ্যই!’ অটোগ্রাফ দিলেন।” 

পরের ঘটনা বর্ণনা করে খরাজ মুখার্জি বলেন, “সুজয় ঘোষ এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন। তিনিই আমার কথা শাহরুখকে বলেছিলেন। ‘কিং খান’ এ-ও বললেন, ‘আপনার অভিনয়ের প্রশংসা শুনেছি।’ আমিও ধন্যবাদ জানিয়ে তাকে বললাম, ‘খুব ভালো অভিজ্ঞতা হলো, আপনার সঙ্গে আরো কাজ করার ইচ্ছা রইল।’ মজা করে এ-ও বললাম, ‘আর এই যে আমি আপনার সঙ্গে কাজ করলাম, এটা তো অনেকের কাছেই স্বপ্ন, আমিই না ঈর্ষার কারণ হয়ে যাই।’ শুনে হেসে ফেললেন শাহরুখ। এতটাই বিনয়ী যে, তিনি বললেন, ‘না না একেবারেই না’।”  

‘কিং’ সিনেমায় আরো অভিনয় করছেন—দীপিকা পাড়ুকোন, জ্যাকি শ্রফ প্রমুখ। রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স প্রযোজিত সিনেমাটির শুটিং পুরোদমে চলছে। চলতি বছরের বড়দিনে এটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।