কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ব্যবহারের জন্য উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং সুবিধার নতুন দুটি মডেলের কম্পিউটার ও ল্যাপটপ বাজারে এনেছে গিগাবাইট। ‘এআই টপ ১০০ ডব্লিউ৮৮০’ মডেলের কম্পিউটারে রয়েছে ইন্টেল কোর আলট্রা ৯ প্রসেসর ও এনভিডিয়া আরটিএক্স ৫০৯০ গ্রাফিকস কার্ড। কম্পিউটারটির দাম ধরা হয়েছে ১৪ লাখ টাকা। অন্যদিকে, ‘এআই টপ অ্যাটম’ মডেলের কম্পিউটারে রয়েছে এনভিডিয়ার গ্রেস ব্ল্যাকওয়েল সুপারচিপ, ১২৮ গিগাবাইট মেমোরি ও ৪ টেরাবাইট ধারণক্ষমতা। কম্পিউটারটির দাম ১০ লাখ টাকা।

গিগাবাইটের তথ্যমতে, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের মাধ্যমে বাজারে আসা নতুন মডেলের কম্পিউটারগুলোয় সরাসরি অন-ডিভাইস এআই মডেল পরিচালনা ও উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং সুবিধা রয়েছে। গবেষণা, তথ্য বিশ্লেষণ ও গেমিংয়ের চাহিদা বিবেচনা করে বাংলাদেশের বাজারে আনা হয়েছে কম্পিউটারগুলো।

কম্পিউটারের পাশাপাশি ‘ঈগল’ সিরিজের নতুন ল্যাপটপ এনেছে গিগাবাইট। ল্যাপটপটিতে রয়েছে এএমডি রাইজেন ৫ প্রসেসর, এনভিডিয়া আরটিএক্স ৩০৫০ গ্রাফিকস কার্ড এবং ১৬ ইঞ্চি পর্দা। ল্যাপটপটির দাম ধরা হয়েছে ১ লাখ ৪৭ হাজার টাকা।

গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান প্রথম আলোকে বলেন, নতুন কম্পিউটারগুলোয় সরাসরি এআইয়ের কাজ করার সুবিধা থাকায় ক্লাউডের ওপর নির্ভরতা কমবে। এতে ব্যক্তিগত কম্পিউটারে এআইভিত্তিক কাজ, গবেষণা ও তথ্য বিশ্লেষণ আরও সহজ হবে।