কুষ্টিয়ার কুমারখালীতে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে এবং একটি সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার যদুবয়রা ইউনিয়নের সাতিয়ান বাজারের এ সমাবেশের আয়োজন করে স্থানীয় ‘সাতিয়ান যুব সমাজ’।নূর উদ্দিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যদুবয়রা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই জামাল, সাংবাদিক মাহমুদ হাসান ও খন্দকার কবির হোসেন।প্রধান অতিথির বক্তব্যে পুলিশ পরিদর্শক আমিরুল ইসলাম বলেন, ‘মাদক কেবল একটি জীবনকেই ধ্বংস করে না, বরং একটি পরিবার ও গোটা সমাজকে পঙ্গু করে দেয়। যুব সমাজকে মাদকের নীল দংশন থেকে বাঁচাতে আইনি প্রক্রিয়ার পাশাপাশি সামাজিক সচেতনতা ও সুশিক্ষার কোনো বিকল্প নেই।’ তিনি তরুণদের নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিপুল সংখ্যক যুবক উপস্থিত ছিলেন। বক্তারা এ ধরনের ইতিবাচক উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে মাদক নির্মূলে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এর আগে অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় স্থানীয় তরুণরা।