কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিনটি পণ্যবাহী যানবাহনের সংঘর্ষে ট্রাকের চালকের সহকারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার বাতিসা নতুন রাস্তা এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

নিহত সিয়াম (২৫) ভোলা জেলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে।

পুলিশ জানায়, একটি কাভার্ড ভ্যান চলন্ত অবস্থায় কোনো ধরনের সংকেত না দিয়ে মহাসড়কের বাঁ পাশে দাঁড়ানোর চেষ্টা করে। এ সময় একই দিকে যাওয়া মালবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানটির পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের চালকের সহকারী সিয়ামসহ ট্রাকে থাকা আরও দুজন আহত হন। দুর্ঘটনায় ট্রাকটির সামনের অংশ এবং কাভার্ড ভ্যানটির পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়।

এর কিছুক্ষণ পর আরেকটি কাভার্ড ভ্যান দ্রুতগতিতে এসে দুর্ঘটনাকবলিত ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকটির পেছনের অংশও ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর তিনটি গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, নিহত সিয়ামের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান আছে। দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।