জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কুড়িগ্রামে ৩৬ দিনব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির উদ্বোধন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখা। বুধবার বিকালে কুড়িগ্রাম কলেজ মোড়ের জুলাই স্মৃতি স্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া। উপস্থিত ছিলেন জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান, যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সরকার, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু, নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, শ্রমিক শক্তির আহ্বায়ক মজনু মিয়া, স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক তাজুল ইসলাম, সদর উপজেলা আহ্বায়ক শাহজাহান আলী সুমন, পৌর আহ্বায়ক আরিফুজ্জামান সাগর, রাজারহাট উপজেলা আহ্বায়ক অ্যাডভোকেট সাজ্জাদুল ইসলাম সাগরসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা।
অনুষ্ঠানে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদ ও আহতদের আত্মত্যাগ জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, গণঅভ্যুত্থানের চেতনা সংরক্ষণ এবং দেশ গঠনে জনগণের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী ৫ আগস্ট পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে স্মরণসভা, আলোচনা, গণসংযোগ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জনসম্পৃক্তমূলক নানা কর্মসূচি পালিত হবে।








