কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা গ্রামবাসীকে বিশুদ্ধ পানি সরবরাহে টিউবওয়েল স্থাপন করেছে করিম-বানু ফাউন্ডেশন। মানবিক কাজের অংশ হিসেবে সারা দেশে বিনামূল্যে টিউবওয়েল স্থাপন করছে সংস্থাটি। গত ২৫ জুন এ টিউবওয়েল স্থাপন করা হয়।

‘মানবতার পাশে, মানুষের কল্যাণে’ স্লোগানকে ধারণ করে সমাজের পীড়িত, অসহায়, দরিদ্র, দুর্বল ও মানবেতর জীবনযাপনকারী প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের নিশ্চয়তা এবং সার্বিক সহায়তা দিতে কাজ করে যাচ্ছে করিম-বানু ফাউন্ডেশন।

এছাড়া সম্প্রতি বিরল রোগে আক্রান্ত ভোলার দৌলতখানের সুকদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী তাকিয়ার চিকিৎসার জন্য পাশে দাঁড়িয়েছে করিম-বানু ফাউন্ডেশন। ফাউন্ডেশনের সদস্য এমরানুল হক স্কুলের শিক্ষক ও তাকিয়ার মায়ের সঙ্গে কথা বলে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পৌঁছে দিয়েছেন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউসুফ হোসেন বলেন, করোনা সংকটকাল থেকেই আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছি। অতীতেও দুর্যোগ-দুর্ঘটনায় মানুষের পাশে ছিল করিম-বানু ফাউন্ডেশন। শীতে কষ্ট পাওয়া দুস্থ মানুষের পাশেও ছিল এ প্রতিষ্ঠান। সারাদেশে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করে আসছে বছরের পর বছর ধরে। ভবিষ্যতে নারীর ক্ষমতায়ন ও বেকারদের কর্মসংস্থান সৃষ্টিতেও ভূমিকা রাখবে করিম-বানু ফাউন্ডেশন।

সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, সমাজের অসহায়, গরিব ও দুঃখী মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসা জরুরি। করিম-বানু ফাউন্ডেশনের মতো দেশের অন্যান্য বড় শিল্পগোষ্ঠীও এগিয়ে এলে সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবে।

এএইচ/এমএস