রংপুরে একটি কুরিয়ার সার্ভিসে অভিনব কায়দায় চা পাতার প্যাকেটে করে আনা ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় মনসুর মণ্ডল ওরফে বোদা নামে এক ইয়াবা কারবারিকে আটক করা হয়।
বুধবার ( ১ জুলাই) দুপুরে নগরীর ফায়ার সার্ভিস মোড়ের এসএস পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অভিনব কায়দায় ইয়াবার এ বড় চালানটি আসে।
আটক মনসুর রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত জালাল মণ্ডলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু জাফর বলেন, রংপুরের পীরগঞ্জের মনসুর মন্ডল ওরফে বোদা একজন ইয়াবার পাইকারি বিক্রেতা। তার একটি দোকান রয়েছে। সেই দোকানের আড়ালে তিনি এই ইয়াবার কারবার করেন। তিনি চট্টগ্রাম ও কক্সবাজার থেকে এ ইয়াবার চালান নিয়ে আসেন।
তিনি বলেন, বিভিন্ন তথ্য উপাত্তের মাধ্যমে জানতে পারি, রংপুরে একটি বড় ইয়াবার চালান আসছে। সেই তথ্যের ভিত্তিতে আজ সকাল থেকেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া ও রংপুর জেলা কার্যালয় যৌথভাবে অভিযানে নামে। বিভিন্ন পোশাকে মাদকদ্রব্য অধিদপ্তরের সদস্যগণ আশেপাশে অবস্থান নেন।
এসময় ইয়াবার এ বড় চালান গ্রহণ করতে আসেন ইয়াবার পাইকারি বিক্রেতা মনসুর মণ্ডল। অভিনব কায়দায় চা পাতার প্যাকেটে আসা ইয়াবার চালান গ্রহণের সময় তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা আরও বলেন, এর আগেও বিভিন্ন কায়দায় নিয়ে আসা মাদকের বড় চালান আমরা জব্দ করেছি। মাদকের ব্যাপারে আমরা সরকারের নির্দেশে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি। এ বিষয়ে কোনো ছাড় নেই।
জিতু কবীর/কেএইচকে/জেআইএম








