আবারও মাঠে বিতর্কের জন্ম দিলেন নেইমার।
মুখের ওপর হাত রেখে প্রতিপক্ষকে কিছু একটা বলেছিলেন। অভিযোগ পাওয়ার পর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তা নিয়ে তাঁকে লাল কার্ড দেখান প্রধান রেফারি। তবে নেইমার তাতে থামার মানুষ নন। অভিযোগকারীর দিকে তেড়ে গেছেন, এমনকি মাঠ ছেড়ে যাওয়ার সময় তাঁকে ‘দেখে নেওয়ার’ হুমকিও দিয়েছেন।
শনিবার রাতে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে সান্তোস-বাহিয়া ম্যাচে ঘটেছে এ ঘটনা। ম্যাচটি ১-১ গোলে ড্র হলেও ফলাফল ছাপিয়ে আলোচনায় নেইমারের লাল কার্ড এবং মাঠে তাঁর আচরণ।
হলুদ কার্ড থেকে উত্তেজনার শুরু
ঘটনার সূত্রপাত প্রথমার্ধে। বল দখলের লড়াইয়ে বাহিয়ার মিডফিল্ডার রদ্রিগো নেস্টরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন নেইমার। এরপর প্রতিপক্ষের দিকে বল ছুড়ে মারায় হলুদ কার্ড দেখেন সান্তোসের ১০ নম্বর জার্সিধারী। তবে কার্ড দেখেও শান্ত হননি তিনি। নেস্টরের সঙ্গে তর্কে জড়ানোর পাশাপাশি বাহিয়ার অন্য খেলোয়াড়দের সঙ্গেও উত্তপ্ত বাক্যবিনিময় হয় তাঁর। একপর্যায়ে বাহিয়ার কোচ রজেরিও সেনির সঙ্গেও কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন নেইমার।
প্রথমার্ধ শেষে নেইমারের আচরণ নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ জানান নেস্টর। তাঁর অভিযোগ, নেইমার শুধু তাঁকেই অসম্মান করেননি, অসম্মান করেছেন বাহিয়া ক্লাবকেও।
কী কথা বলেছিলেন নেইমার, তা অবশ্য প্রকাশ করতে চাননি নেস্টর। তাঁর যুক্তি, এমন কথা শিশুদের সামনে বলা ঠিক হবে না। তবে তাঁর এ মন্তব্যের পর দুই খেলোয়াড়ের বিরোধ যে আরও তীব্র হয়েছিল, বিরতির পরের ঘটনাতেই তা স্পষ্ট হয়ে যায়।
মুখ ঢেকে কী বলেছিলেন নেইমার?
দ্বিতীয়ার্ধ শুরুর আগে মাঠে ফিরে নেস্টরের সঙ্গে আবারও তর্কে জড়ান নেইমার। নেস্টর তাঁকে খেলা শুরু করতে দেওয়ার জন্য সরে যেতে বলেন। জবাবে নেইমার মুখের ওপর হাত রেখে কিছু বলেন। সঙ্গে সঙ্গে রেফারি সাভিও সাম্পাইওর কাছে গিয়ে অভিযোগ জানান নেস্টর।
এরপর পরিস্থিতি সামাল দিতে ভিএআরের সাহায্য নেন রেফারি। ভিডিও পর্যালোচনা করে নেইমারের আচরণকে শাস্তিযোগ্য অসদাচরণ হিসেবে বিবেচনা করে রেফারি তাঁকে লাল কার্ড দেখান।
লাল কার্ড দেখার পরও ক্ষোভ সামলাতে পারেননি নেইমার। নেস্টরের দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অন্য খেলোয়াড়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। একপর্যায়ে নেইমারকে মারকোস ভিক্টরের গলাও চেপে ধরতে দেখা যায় বলে ম্যাচের বিবরণে উল্লেখ করা হয়েছে। পরে মাঠ ছাড়েন তিনি।
Após ser expulso por falar com a mão na boca, Neymar parte pra cima de Rodrigo Nestor e precisa ser contido. #futebol #santos #bahia #brasileirao https://t.co/POR2C9gj6O
— ge (@geglobo) October 25, 2026
‘আমি তো কিছুই বলিনি’, দাবি নেইমারের
মাঠ ছাড়ার পথে ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার পেদ্রো লোপেসের সঙ্গে কথা বলেন নেইমার। সেখানে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি দাবি করেন, নেস্টরের সঙ্গে হাসিঠাট্টা করেছিলেন। মুখ ঢেকে কথা বলার ঘটনাটিকে ভুল হিসেবে স্বীকার করলেও তাঁর দাবি, তিনি কিছু বলার আগেই নেস্টর রেফারির কাছে অভিযোগ করেছেন।
নেইমার বলেন, ‘আমরা একে অপরের সঙ্গে মজা করছিলাম, হাসাহাসি করছিলাম। এরপর নেস্টরের সঙ্গে কথা বলতে গিয়ে বলেছি, মুখের ওপর হাত রাখাটা আমার ভুল হয়েছে। আমি কিছু বলিইনি, অথচ সে এরই মধ্যে হাত তুলে ফেলেছে। ফুটবলে এর চেয়ে বড় নোংরা চাল আর হয় না। তবে আমি নেস্টরকে দেখে নেব।’
ব্রাজিলের সংবাদমাধ্যম স্পোরটিভির প্রতিবেদন অনুযায়ী, মাঠ ছাড়ার সময় নেস্টরকে ‘বদমাশ’ বলেও মন্তব্য করেন নেইমার।
দুই ম্যাচে নেইমারকে পাবে না সান্তোস
লাল কার্ড দেখার আগে প্রথমার্ধে একটি হলুদ কার্ডও দেখেছেন নেইমার। আগেও একটি কার্ড থাকায় তখনই নিশ্চিত হয়ে যায় পরের ম্যাচে পালমেইরাসের বিপক্ষে তিনি খেলতে পারবেন না। পরে লাল কার্ড দেখায় নেইমারের নামের পাশে নিষেধাজ্ঞা বেড়েছে আরও এক ম্যাচ।
ফুটবল ভালোবাসলেও টিভিতে খেলা দেখলেই কেন রেগে যান নেইমার





