লালমোহনে বেড়েছে আগ্রাসী বেওয়ারিশ কুকুরের সংখ্যা। দুদিনে কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন অন্তত ২০ জন। এদের মধ্যে রয়েছেন নারী, শিশু ও বৃদ্ধসহ বিভিন্ন বয়সি মানুষ। অধিকাংশ আক্রান্তরা উপজেলার বদরপুর ইউনিয়নের বাসিন্দা। হঠাৎই কুকুর আগ্রাসী হয়ে ওঠায় সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। এসব কুকুরের মধ্যে কিছু কিছু কুকুর রোগাক্রান্ত। তবে এসব রোগাক্রান্ত কুকুরের চিকিৎসায় সংশ্লিষ্টদের কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি বলে জানান স্থানীয়রা।
লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু মাহমুদ তালহা বলেন, যারা আক্রান্ত হয়ে আসছেন তাদের বিনামূল্যে জলাতঙ্কের ভ্যাকসিন ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তবে সামনে যেহেতু কুকুরের প্রজনন মৌসুম তাই সবাইকে সাবধানে চলাফেরা করতে হবে। তাহলেই কুকুরের কামড় থেকে রক্ষা পাওয়া যাবে।








