লন্ডন স্টক এক্সচেঞ্জে (এলএসই) তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির গ্লোবাল ডিপোজিটরি রিসিপ্টস (জিডিআর)–এর ওপর আরোপিত ট্রেডিং স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে ২৬ জুন থেকে কোম্পানিটির জিডিআরের লেনদেন আবারও শুরু হয়েছে।
শনিবার (২৭ জুন) ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) থেকে এ তথ্য জানানো হয়।
ডিবিএ জানিয়েছে, ২০০৪ সালে লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়া বাংলাদেশের একমাত্র কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। তবে ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং পরবর্তী আর্থিক প্রতিবেদন নির্ধারিত সময়ে প্রকাশ করতে না পারায় ২০২৬ সালের ২ জানুয়ারি থেকে কোম্পানিটির জিডিআর লেনদেন স্থগিত ছিল।
আরও পড়ুন
বাজেটে আসছে নানা বদল, ব্যাংক হিসাব খুলতে টিআইএন জমা বাতিল হতে পারে
লন্ডন স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্তি বিধিমালা অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানের শেয়ার বা সিকিউরিটিজ টানা ছয় মাস স্থগিত থাকলে এবং স্থগিতাদেশের কারণ দূর না হলে সেটি তালিকাচ্যুত (ডি-লিস্টিং) হতে পারে। সে হিসেবে আগামী ২ জুলাই ছিল বেক্সিমকো ফার্মার জন্য নির্ধারিত সময়সীমার শেষ দিন।
এ অবস্থায় বিদেশি প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত বিনিয়োগকারীরা কোম্পানিটির জিডিআর ডি-লিস্টিং ঠেকাতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন করেন এবং ডিবিএর সহযোগিতা চান।
এর পরিপ্রেক্ষিতে ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের নেতৃত্বে সংগঠনটি বিএসইসি ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ নেয়।
আরও পড়ুন
বাজার মূলধন কমলো হাজার কোটি টাকা
ডিবিএ জানায়, তাদের উদ্যোগের পর বিএসইসি কোম্পানির পরিচালনা পর্ষদকে বিশেষ বোর্ড সভা আয়োজনের অনুমতি দেয়। ওই সভায় ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিক, নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী এবং ২০২৫-২৬ অর্থবছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হয়। এতে কোম্পানির রিপোর্টিং-সংক্রান্ত ঘাটতি দূর হওয়ায় লন্ডন স্টক এক্সচেঞ্জ ট্রেডিং স্থগিতাদেশ প্রত্যাহার করে এবং ২৬ জুন থেকে জিডিআরের লেনদেন পুনরায় চালুর অনুমতি দেয়।
ডিবিএর মতে, এ সিদ্ধান্ত বাংলাদেশের পুঁজিবাজারের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও ভাবমূর্তি আরও শক্তিশালী করবে। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।
সংগঠনটি এ বিষয়ে সহযোগিতার জন্য অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, বিএসইসি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারকে বিনিয়োগবান্ধব নীতি ও প্রয়োজনীয় সংস্কার অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।
এমএএস/কেএসআর








