ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার ঝুঁকি বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোকে আপাতত লোহিত সাগর ও এডেন উপসাগর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নৌবাহিনী অ্যাসপাইডেস।

শিপিং শিল্পের জন্য জারি করা এক পরামর্শে অ্যাসপাইডেস জানায়, হুমকির মাত্রা কমে না আসা পর্যন্ত ইসরায়েল, যুক্তরাষ্ট্র বা সৌদি স্বার্থ-সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোর ওই দুটি গুরুত্বপূর্ণ নৌপথ ব্যবহার না করাই নিরাপদ।

এদিকে, ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা রোববার ঘোষণা দিয়েছে, তারা সৌদি আরবের বিরুদ্ধে ‘নৌ অবরোধ’ কার্যকর করা শুরু করেছে। হুথিদের দাবি, ইয়েমেনের ওপর সৌদি আরবের অবরোধ এবং দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরে কথিত হামলার জবাব হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

অন্যদিকে সৌদি সরকার হুথিদের এ ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে। রিয়াদ বলেছে, আন্তর্জাতিক আইন মেনে নিজেদের বাণিজ্যিক জাহাজ ও সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্লেষকদের মতে, হুথিদের এই নতুন পদক্ষেপ বাস্তবায়িত হলে লোহিত সাগর ও এডেন উপসাগরের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। এর ফলে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনেও নতুন অনিশ্চয়তা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম