প্রথম আলো ট্রাস্টের আয়োজনে রাজবাড়ীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসের মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেছেন নানা শ্রেণি–পেশার মানুষেরা। ২৬ জুন বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ বাজার শহীদ ফকীর মহিউদ্দিন আনসার ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
গোয়ালন্দ ও রাজবাড়ী বন্ধুসভার সহযোগিতায় কর্মসূচিতে বন্ধুসভার সদস্য ছাড়াও শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনেক সাধারণ কর্মজীবী মানুষও মাদকবিরোধী মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল কাদের শেখ বলেন, ‘মাদকের ভয়াবহতা এমন পর্যায়ে পৌঁছেছে, কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মানুষ বিচারের পরোয়া করছে না। বিচারের প্রতি আস্থাহীনতার জায়গা থেকে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিচ্ছে। কেন মানুষ আইনের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলছে, কেন আইনের প্রতি তাদের এই অনস্থা? আমাদের এখন নিজেদের ঘর আগে সামলাতে হবে। পরিবারের সন্তানকে যদি সামলাতে না পারি, তাহলে আগামীতে পরিস্থিতি আরও ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।’

গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম বাবলু বলেন, ‘আমার সন্তান কোথায় যায়, কী করে কেউ খোঁজ রাখি না। পরিবারের কষ্টের টাকা নিয়ে সন্তানেরা মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। যার ঘরে একজন মাদকসেবী রয়েছে, সেই বুঝে মাদকের ভয়াবহতা। আজকে বন্ধুসভা একত্র হয়ে মাদকের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আমরা তাদের সঙ্গে আছি। আমাদের মাথায় রাখতে হবে, এখানে ইউএনও, এসি ল্যান্ড বা ওসির সন্তান পড়াশোনা করে না। তাই এখন থেকেই আমাদের সজাগ থাকতে হবে, সচেতন হতে হবে।’
মানববন্ধনে ‘মাদককে না বলো—মাদকাসক্তি একটি ব্যাধি’, ‘সচেতনতাই মুক্তি, মাদকমুক্ত সমাজই শক্তি’, ‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’, ‘যে নেশা করতে বলে, সে বন্ধু নয়’, ‘স্মার্ট তরুণেরা কখনো মাদক নেয় না’, ‘মাদককে না বলুন, সুন্দর জীবন গড়ুন’সহ নানা স্লোগান লেখা ফেস্টুন নিয়ে দাঁড়ান অংশগ্রহণকারীরা।
স্বপ্নকুঁড়ির উপদেষ্টা আবু সাঈদ মণ্ডল বলেন, ‘আমরা জানি কে মাদকের সঙ্গে জড়িত। বিশ্বাস করি, এলাকায় মাদক থাকবে না। সম্মিলিতভাবে এর বিরুদ্ধে অবস্থান নিলে এক সপ্তাহের মধ্যে মাদকমুক্ত করা সম্ভব। সবার প্রতি অনুরোধ করব, মাদকের বিরুদ্ধে এই যুদ্ধে যদি জয়ী হতে হবে, না হলে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ করব, আপনারা লেখার মাধ্যমে সক্রিয় ভূমিকা রাখুন। তাহলে প্রশাসন শক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবে।’

গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আসজাদ হোসেন বলেন, ‘প্রথম আলো বন্ধুসভা সব সময় সচেতনতামূলক কার্যক্রম করে থাকে। আজকের এই মাদকবিরোধী কর্মসূচিই বলে দেয়, তারা দেশের সমকালীন সমস্যা নিয়ে ভাবে। আমরা প্রশাসনের প্রতি অনুরোধ করব, আর বসে না থেকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হোন।’
রাজবাড়ী জেলা রিপোর্টার্স ইউনিটের সভাপতি হেলাল মাহমুদ বলেন, ‘প্রথম আলো সব সময় এ ধরনের ভালো সামাজিক সচেতনতামূলক কর্মসূচি পালন করে থাকে। তাদের প্রতিটি কর্মসূচিতে আমি সক্রিয়ভাবে অংশ গ্রহণ করে থাকি।’
প্রথম আলো রাজবাড়ী প্রতিনিধি এম রাশেদুল হক ও গোয়ালন্দ বন্ধুসভার সাধারণ সম্পাদক সফিক মণ্ডলের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক প্রশিক্ষক মফিজুল ইসলাম তানসেন, প্রাথমিক শিক্ষক সমিতি গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ বাবর আলী, গোয়ালন্দ প্রপার হাইস্কুলের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক জীবন চক্রবর্তী, গোয়ালন্দ বন্ধুসভার সভাপতি জাকির হোসেন প্রমুখ।








