গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনের টাকার জন্য স্ত্রীকে হত্যার ঘটনায় করা মামলায় র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন ছায়েদুল ইসলাম নামে এক ব্যক্তি। গতকাল সোমবার সন্ধ্যা পৌনে সাতটায় গাজীপুরের বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র্যাব–১ এর গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের একটি দল।
গ্রেপ্তার ছায়েদুল ইসলাম ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার গীর্দাপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর স্ত্রী নিহত নাসিমা আক্তার (২৭) নেত্রকোনা জেলার পূর্বধলা থানার বনপাড়া গ্রামের আবদুল মান্নানের মেয়ে। ছায়েদুল–নাসিমা দম্পতির এক ছেলে, এক মেয়ে। সন্তানদের নিয়ে শ্রীপুরে ভাড়া বাসায় থাকতেন ওই দম্পতি, পাশাপাশি তাঁরা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
ছায়েদুলকে গ্রেপ্তারের বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্প। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ছায়েদুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে জানা গেছে, ছায়েদুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন, এ কারণে পারিবারিক অশান্তি লেগেই থাকত। ঘটনার আগের দিন স্ত্রী নাসিমা আক্তার বেতন পেয়ে বাসায় ফেরার পর তাঁর কাছে তিন হাজার টাকা দাবি করেন ছায়েদুল। মাদক সেবনের জন্য এই টাকা চেয়েছিলেন। টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে তিনি স্ত্রীকে ছুরিকাঘাত করেন।
গত রোববার রাতে স্ত্রী নাসিমার কাছে টাকা চেয়েছিলেন স্বামী ছায়েদুল। এ নিয়ে দুজনের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী ধারালো অস্ত্র দিয়ে নাসিমাকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় দিবাগত রাত দুইটার দিকে তাঁকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
র্যাব জানায়, রাতে ঘর থেকে চিৎকার ও শিশুদের কান্নার শব্দ শুনে পাশের লোকজন ছুটে গিয়ে নাসিমাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। দুই শিশু সন্তানের সামনেই নাসিমাকে আঘাত করেন ছায়েদুল। ঘটনার পরপরই তিনি দৌড়ে পালিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় নাসিমাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। এ ঘটনায় নিহত নারীর ভাই মো. মাসুম বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেন।
র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম প্রথম আলোকে বলেন, অভিযান চালিয়ে আলোচিত ওই ঘটনার মূল আসামিকে গ্রেপ্তার আসামিকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।








