নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ ও পথসভাকে কেন্দ্র করে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একাংশ দখল করে সভা করা এবং নিরাপত্তার অজুহাতে শতাধিক দোকানপাট বন্ধ করে দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে মোগরাপাড়া চৌরাস্তায় আওয়ামী লীগ কার্যালয় ও চৌরাস্তা জামে মসজিদের সামনে মহাসড়কের ওপর মঞ্চ তৈরি করে এ সভা অনুষ্ঠিত হয়।সরেজমিনে দেখা যায়, মহাসড়কের ওপর মঞ্চ তৈরির কারণে চট্টগ্রামগামী লেনে যান চলাচল বিঘ্নিত হয়। এতে পরিবহনগুলো নির্দিষ্ট স্থানে থামতে না পারায় যাত্রীদের অনেকটা দূর দিয়ে নামতে ও যাতায়াত করতে হয়েছে। মঞ্চটি এমনভাবে তৈরি করা হয়েছিল যে এর পাশ দিয়ে পথচারীদের হাঁটারও সুযোগ ছিল না।জনদুর্ভোগের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। নিরাপত্তার কারণে সভাস্থলের আশপাশের শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বাধ্য করে প্রশাসন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ক্ষুদ্র ব্যবসায়ী জানান, প্রশাসনের পক্ষ থেকে আগের দিনই দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তাদের অভিযোগ, বড় রাজনৈতিক দলগুলোর সমাবেশের সময়ও এমন পরিস্থিতির শিকার হতে হয় না, কিন্তু এনসিপির সভার ক্ষেত্রে নিরাপত্তার অজুহাতে তাদের জীবিকা ব্যাহত করা হয়েছে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, নিরাপত্তার স্বার্থে মঞ্চের পেছনের কিছু দোকানপাট বন্ধ রাখতে বলা হয়েছিল।পথসভায় উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান মুজাহিদ, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, জাতীয় যুবশক্তির সহসভাপতি তুহিন মাহমুদ ও জেলা যুবশক্তির সাবেক আহ্বায়ক শাকিল সাইফুল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।সভাকে কেন্দ্র করে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় র্যাব, ডিবি ও পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা কড়া নিরাপত্তাবলয় তৈরি করে রাখেন।/
রাজনীতি
মহাসড়কে এনসিপির সভা, সোনারগাঁয়ে জনভোগান্তি চরম

শেয়ার করুন







