মনপুরায় শত শত একর জমিতে জলাবদ্ধতা ও মেঘনার লবণাক্ত পানি জমে থাকায় আমন চাষ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে উপকূলের হাজারও কৃষক। আমন মৌসুমে এখন পর্যন্ত চারা রোপণ না করতে পেরে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন কৃষক। প্রত্যেক বছর ওই সমস্যায় পড়লেও কেউ সমাধানের উদ্যোগ নেয়নি। তাই প্রতি বছর অধিকাংশ জমিতে আমন চাষ করতে পারেন না উপকূলের কৃষকরা। কোথাও হাঁটু পরিমাণ, আবার কোথাও ১-২ ফুট পানি জমে জলবদ্ধতায় রয়েছে কৃষি জমি। ওই সব জমিতে জোয়ারের লবণাক্ত পানি প্রবাহিত হয়। অনেক কৃষক জমিতে এখন পর্যন্ত চাষাবাদে যায়নি। আবার অনেক কৃষক জমিতে আমনের চারা রোপণ করেছেন সেই জমির আমনের চারা লবণাক্ত পানির প্রবাহে হলুদ হয়ে নষ্ঠ হয়ে যাওয়ার উপক্রম হয়ে পড়েছে। গত দুদিন উপজেলার হাজিরহাট, মনপুরা, উত্তর সাকুচিয়া ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় কৃষকের ফসলের মাঠ ঘুরে দেখা যায় এমন চিত্র। স্থানীয় বাসিন্দা ও কৃষকরা জানান, চারদিকে শহর রক্ষা বাঁধের কাজ চলছে। এতে জমি থেকে বৃষ্টির পানি নেমে যাওয়ার সব পথ বন্ধ হয়ে কৃষি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এছাড়াও স্লুইস গেট নষ্ট হয়ে পড়ায় জোয়ারের লবণাক্ত পানি প্রবাহিত হচ্ছে। এতে জমির উর্বরতা কমে ফলন কম হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা আহসান তাওহীদ জানান, মাঠ পর্যায়ে তদারকিসহ কৃষকদের সার্বিক পরামর্শ দেওয়া হচ্ছে।








