আরেকটি ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে মাঠে নামবে কানাডা। আফ্রিকার ফুটবলের পরাশক্তি মরক্কোর লক্ষ্য আরেকটি নকআউট-জয়। ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আজ হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল। বাংলাদেশ সময় রাত ১১টায় এই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই। কানাডার জন্য এটি কোয়ার্টার ফাইনালে ওঠার হাতছানির সঙ্গে ২০২২ বিশ্বকাপে মরক্কোর কাছে ২-১ গোলে হারের প্রতিশোধ নেওয়ারও সুযোগ। কাজটা মোটেও সহজ নয়। দুই দলের সবশেষ চার দেখায় একবারও জয় পায়নি উত্তর আমেরিকার দলটি। তিন ম্যাচে জিতেছে মরক্কো, একটি ম্যাচ হয়েছে ড্র। এবার স্বাগতিকদের আত্মবিশ্বাস তুঙ্গে। শেষ ৩২ এর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয় পেয়েছে কানাডা। যোগ করা সময়ে স্টিফেন ইউস্টাকিওর দুর্দান্ত গোলে নিশ্চিত হয় ঐতিহাসিক জয়। টানা ছয় ম্যাচে গোল করার ধারাও ধরে রেখেছে কানাডা। তবে ইনজুরি কিছুটা দুশ্চিন্তার কারণ। দীর্ঘদিন পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বদলি হিসাবে মাঠে নেমেছিলেন আলফোনসো ডেভিস। এবার শুরুর একাদশে ফেরার সম্ভাবনা থাকলেও তাকে নিয়ে অযথা ঝুঁকি নিতে চাইবে না কানাডা। আর পা ভেঙে আগেই বিশ্বকাপ শেষ হয়েছে মিডফিল্ডার ইসমাইল কোনের।
দারুণ ছন্দে রয়েছে মরক্কোও। শেষ বত্রিশের ম্যাচে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আটলাস লায়ন্সরা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোলের দেখা না পেলেও ওই ম্যাচে ৮০১টি পাস দিয়েছিল তারা। বিশ্বকাপে পরিসংখ্যান সংরক্ষণ শুরু হওয়ার পর স্পেন ছাড়া আর কোনো দল এক ম্যাচে ৮০০র বেশি পাস সম্পন্ন করতে পারেনি। নতুন কোচ মোহাম্মদ উয়াহবির অধীনে মরক্কো এখন আর শুধু পালটা আক্রমণনির্ভর দল নয়। ৪-২-৩-১ ছকে বলের দখল ধরে রেখে ধৈর্যশীল আক্রমণ গড়ে তোলার কৌশলে বেশি জোর দিচ্ছে তারা। ২০২৫ আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনালের পর টানা নয় ম্যাচ অপরাজিত রয়েছে মরক্কো। চোট কাটিয়ে সেন্টারব্যাক শাদি রিয়াদ অনুশীলনে ফিরেছেন। এই ম্যাচে তার খেলার সম্ভাবনা রয়েছে। কানাডা থেকে এগিয়ে থাকবে মরক্কো।








