প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে মাইকেল ওলিসেকে দেখানো বিতর্কিত হলুদ কার্ড বাতিলের দাবিতে ফিফার কাছে আপিল করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে ইএসপিএন।
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের দ্বিতীয়ার্ধের পেনাল্টি থেকে করা একমাত্র গোলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের দল। তবে ম্যাচের ফলকে পাশ কাটিয়ে বিতর্ক তৈরি হয় ওলিসের হলুদ কার্ড দেখার ঘটনায়।
ম্যাচে প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস গালারজার সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন ওলিসে। একপর্যায়ে গালারজা মাটিতে পড়ে মুখ চেপে ধরেন। যদিও ভিডিও রিপ্লেতে দেখা যায়, দুই খেলোয়াড়ের ধস্তাধস্তির সময় ওলিসে মূলত গালারজার জার্সি ধরেছিলেন, মুখে আঘাত করার কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি।
ম্যাচ শেষ হওয়ার পরই ফ্রান্স দলের একটি সূত্র ইএসপিএনকে জানিয়েছিল, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে এফএফএফ। সেই অনুযায়ী ফিফার কাছে আবেদন করেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ওলিসের হলুদ কার্ড বাতিল হওয়াটা ফ্রান্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোয়ার্টার ফাইনালে আগামী ৯ জুলাই দিবাগত রাত ২টায় মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ফরাসির। সে ম্যাচে ফের হলুদ কার্ড দেখলে নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়বেন ওলিসে। যেটা বিশ্বকাপের শেষ দিকে এসে ফ্রান্সের জন্য বড় ধাক্কার কারণ হয়ে দাঁড়াবে।
ফ্রান্সের এই আপিলের পেছনে ফিফার সাম্প্রতিক একটি সিদ্ধান্তও প্রভাব ফেলেছে। যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে পাওয়া লাল কার্ডের শাস্তি এক বছরের জন্য স্থগিত করেছে ফিফা। ফলে বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে মাঠে নেমেছিলেন এই ফরোয়ার্ড।
বালোগুনের শাস্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে ফুটবল আঙ্গিনায়। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্পক্ষেপে শাস্তি স্থগিত করায় বিতর্কের মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
এদিকে, মেক্সিকোর বিপক্ষে লাল কার্ড পাওয়া ইংল্যান্ডের ডিফেন্ডার জারেল কোয়ানসাহর বিষয়েও আপিল করার কথা ভাবছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, তারাও নিজেদের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করছে।








