জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল। বৃহস্পতিবার ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নতুন এ কর্মসূচির ঘোষণা দেন। এ বিষয়ে ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র-জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বীরোচিত বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনে ছাত্রদল মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। বুধবার প্রথম প্রহরে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে জাতীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া ও মোমবাতি প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ১৫ জুলাই টিএসসি অডিটোরিয়ামে ‘গণ-অভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও ১৬ জুলাই চট্টগ্রাম ও রংপুর বিভাগে ছাত্র সমাবেশ হবে। অপর কর্মসূচিগুলো হলো-১৬ জুলাই সারা দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর শাখায় স্মরণসভা অনুষ্ঠিত হবে (চট্টগ্রাম ও রংপুর বিভাগ ছাড়া)। ১৮ জুলাই ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উপলক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে কর্মসূচি।








