চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাঠে সার দিতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর হাসেম আলী (৫৫) নামে এক কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) সকালে আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের উসমানপুর বিশ্বাসপাড়ার কাটাখালী মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হাসেম আলী উপজেলার উসমানপুর বিশ্বাসপাড়ার মৃত রস্তম মণ্ডলের ছেলে।
আরও পড়ুন
যাদুকাটা নদীতে ভেসে উঠলো কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ
পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে কৃষিজমিতে সার দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন হাসেম আলী। রাত পর্যন্ত তিনি বাড়িতে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তবে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
শুক্রবার সকালে স্থানীয়রা কাটাখালী মাঠে তার ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
হুসাইন মালিক/এসজেডএইচ/জেআইএম








