রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতার ভেতর থেকে বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার করে তা নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম। নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বোমাসদৃশ বস্তু দুটি নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আজ শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রথযাত্রায় অংশ নেওয়া কয়েকজন পথচারী মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে সড়কের ওপর রাখা একটি ছাতার ভেতরে সন্দেহজনক বস্তু দেখতে পান। তাঁরা বিষয়টি সেখানে দায়িত্বরত আনসার সদস্যদের জানালে, আনসার সদস্যরা পুলিশকে খবর দেন। তখনই নিরাপত্তার স্বার্থে ওই এলাকার যান চলাচল সীমিত করা হয় এবং চারপাশে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়।
খবর পেয়ে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বস্তু দুটি পরীক্ষা-নিরীক্ষা করে। রাত ৮টা ৫ মিনিটের দিকে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বোমাসদৃশ বস্তু দুটি নিষ্ক্রিয় করা হয়।
এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে নিয়ন্ত্রিত বিস্ফোরণের কারণে সড়ক বিভাজকের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক ধারণা, এগুলো টাইম বোমা। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরকগুলো ছাতার ভেতরে এমনভাবে স্থাপন করা হয়েছিল যে, কেউ ছাতাটি খুললেই বিস্ফোরণ ঘটতে পারত। নিষ্ক্রিয় করা বস্তুগুলোর ভেতরে ডিটোনেটর এবং শক্তিশালী বিস্ফোরক পাওয়া গেছে।
ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কে বা কারা এসব বিস্ফোরক সেখানে রেখে গেছে, তা জানতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং তদন্ত শুরু হয়েছে। ঘটনার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।








