ময়মনসিংহে হামের প্রকোপ থামছেই না। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মোট ৫৮ শিশুর মৃত্যু হলো। গত শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে।হাসপাতাল সূত্রে জানা যায়, মারা যাওয়া চার শিশুর সবার বয়সই আট মাসের নিচে। তাদের মধ্যে দুটি মেয়ে ও দুটি ছেলে শিশু রয়েছে। এদের মধ্যে ময়মনসিংহের হালুয়াঘাট ও ফুলপুরের একজন করে, নেত্রকোনার কলমাকান্দার একজন এবং সুনামগঞ্জ সদর উপজেলার একজন রয়েছে।চিকিৎসকেরা জানিয়েছেন, মারা যাওয়া শিশুদের হামের পাশাপাশি তীব্র নিউমোনিয়া, অপুষ্টি ও জন্মগত হৃদরোগের মতো জটিলতা ছিল। সুনামগঞ্জ থেকে আসা আট মাসের শিশুটি হামের পাশাপাশি নিউমোনিয়া ও চরম অপুষ্টিতে ভুগছিল। কলমাকান্দার চার মাসের শিশুটির ছিল তীব্র নিউমোনিয়া ও হৃদযন্ত্রের বিকলতা। হালুয়াঘাটের শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল এবং ফুলপুরের তিন মাসের শিশুটির হামের পাশাপাশি জন্মগত হৃদরোগ ছিল।হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৯ শিশু। বর্তমানে ওয়ার্ডটিতে ৯৪ শিশু চিকিৎসাধীন রয়েছে। গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত এই হাসপাতালে হামের লক্ষণ নিয়ে মোট ২ হাজার ৩৭৮ শিশু ভর্তি হয়েছে এবং ২ হাজার ২২৬ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।হামে একের পর এক শিশু মৃত্যুর কারণ খতিয়ে দেখতে একটি ‘ডেথ রিভিউ কমিটি’ গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. মাঈন উদ্দিন খান বলেন, কমিটিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজনীতি
ময়মনসিংহে হামে প্রাণহানি বেড়ে ৫৮

শেয়ার করুন







