ময়মনসিংহ সদরে একটি সার্বজনীন পূজা মন্দিরের তালা ভেঙে প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৯ জুন) ভোরে সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের পাঁচ কাহনিয়া গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, পাঁচ কাহনিয়া গ্রামে ৩০ থেকে ৩৫টি হিন্দু পরিবারের বসবাস। গ্রামের ‘দত্তবাড়ী সার্বজনীন পূজা মন্দিরে’ দীর্ঘ প্রায় ৩৭ বছর ধরে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা নিয়মিত পূজা-অর্চনা করে আসছেন।প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ অনুযায়ী, আজ ভোর আনুমানিক পৌনে ছয়টার দিকে লুঙ্গি ও গেঞ্জি পরিহিত ২৫ থেকে ৩০ বছর বয়সী এক যুবক মন্দিরের সামনে আসেন। তিনি প্রথমে একটি বাঁশ এবং পরে ইট দিয়ে মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর মন্দিরে থাকা কালী ও লক্ষ্মী প্রতিমা ভাঙচুর করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এই ঘটনার পর থেকে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।ঘটনার প্রত্যক্ষদর্শী কল্পনা রানী সিংহ বলেন, ‘ভোরে পূজার ফুল তুলতে আমি বাড়ির ছাদে গিয়েছিলাম। হঠাৎ মন্দিরের ভেতর থেকে বিকট শব্দ শুনে তাকিয়ে দেখি, এক যুবক তালা ভেঙে ভেতরে ঢুকছে। আমি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসতে থাকে। অবস্থা বেগতিক দেখে ওই যুবক দ্রুত প্রতিমা ও আসবাবপত্র ভাঙচুর করে পালিয়ে যায়।’মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুজন চন্দ্র দত্ত বলেন, ‘যুবকটিকে আমরা কেউ চিনতে পারিনি। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে। আমরা চাই দ্রুত অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।’ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।