বিশ্বকাপে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর উদযাপনের সময় পদদলিত হয়ে তিনজন নিহত হয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতরা হলেন ৪৪ বছর বয়সী এক পুরুষ, ৪৮ বছর বয়সী এক নারী এবং ১৯ বছর বয়সী এক তরুণী। শ্বাসরোধে (অ্যাসফিক্সিয়া) তাদের মৃত্যু হয়েছে।
মেক্সিকো সিটির গভর্নর ক্লারা ব্রুগাদা মোলিনা এক বিবৃতিতে বলেন, ‘স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মেক্সিকো সিটির জরুরি সেবা দল পাসেও দে লা রিফর্মা অ্যাভিনিউয়ের আশপাশে তিনজন অচেতন ব্যক্তির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সব ধরনের চিকিৎসা প্রোটোকল অনুসরণ করা হলেও, দুঃখজনকভাবে তাদের জীবন রক্ষা করা যায়নি। আমরা নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে সব ধরনের সহায়তা ও সমর্থন দিচ্ছি। তাদের স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা জানাই। আমরা আবারও সবার প্রতি আহ্বান জানাচ্ছি- দায়িত্বশীলতা, সতর্কতা ও সহমর্মিতার সঙ্গে উদযাপন করুন।’
মেক্সিকো সিটির ঐতিহ্যবাহী পাসেও দে লা রিফর্মা অ্যাভিনিউতে হাজারো সমর্থক জড়ো হয়েছিলেন। প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি দেশটির বড় বড় সমাবেশ ও বিজয় উদযাপনের জন্য সুপরিচিত।
কর্তৃপক্ষ জানায়, উদযাপনের সময় কয়েকজন অচেতন হয়ে পড়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জরুরি সেবা দল। উদ্ধার অভিযানে প্যারামেডিক, দমকলকর্মী, পুলিশ এবং সিভিল ডিফেন্স সদস্যরা অংশ নেন।
৪৪ বছর বয়সী পুরুষ এবং ১৯ বছর বয়সী তরুণীকে পাসেও দে লা রিফর্মা এলাকার কাছেই প্রাথমিকভাবে পুনরুজ্জীবিত (রিসাসিটেশন) করার চেষ্টা করা হয়। পরে তাদের হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।
অন্যদিকে, ৪৮ বছর বয়সী নারীকে জুয়ারেজ এলাকার বার্না স্ট্রিটে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাকে চিকিৎসাকেন্দ্রে নেওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত তিনজনকেই তাদের পরিবার শনাক্ত করেছে।
গত মঙ্গলবার আজতেকা স্টেডিয়ামে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে মেক্সিকো শেষ ষোলো নিশ্চিত করে। এই জয়ের মাধ্যমে ৪০ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে প্রথমবারের মতো জয়ের স্বাদ পায় স্বাগতিকরা। ম্যাচটি ৮০ হাজার ৮২৪ জন দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
বিশ্বকাপে আজতেকা স্টেডিয়ামে এটিই হবে মেক্সিকোর শেষ ম্যাচ। শেষ ষোলোয় তারা ইংল্যান্ড অথবা কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী রোববার। এরপর কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে দলটি যুক্তরাষ্ট্রে গিয়ে পরবর্তী ম্যাচ খেলবে।
আরআর/আইএইচএস








