মিডল্যান্ড ব্যাংক পিএলসি ‘এমডিবি ই-লোন’ নামে একটি সম্পূর্ণ ডিজিটাল ঋণসেবা চালু করেছে। এ সেবার মাধ্যমে গ্রাহকেরা মিডল্যান্ড অনলাইন মোবাইল অ্যাপ ব্যবহার করে দ্রুত, সহজ ও ঝামেলামুক্তভাবে ঋণ নিতে পারবেন। মিডল্যান্ড ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ব্যাংকের ঢাকার গুলশান-২ নম্বরের প্রধান কার্যালয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে সেবাটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমতিয়াজ ইউ আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান ঝুঁকি কর্মকর্তা (সিআরও) মো. জাহিদ হোসেন এবং উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মো. নজমুল হুদা সরকারসহ সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্য ও বিভিন্ন বিভাগের প্রধানেরা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনার আলোকে বাণিজ্যিকভাবে ই-ঋণ সেবা চালুর অংশ হিসেবে ‘এমডিবি ই-লোন’ সেবা চালু করা হয়েছে। এ সুবিধার আওতায় যোগ্য গ্রাহকেরা সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। ঋণের পরিশোধকাল হবে সর্বোচ্চ ১২ মাস।
অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের এমডি ও সিইও ইমতিয়াজ ইউ আহমেদ বলেন, ‘এমডিবি ই-ঋণ’ চালুর মাধ্যমে উদ্ভাবন, আর্থিক অন্তর্ভুক্তি এবং গ্রাহকসেবা বৃদ্ধির প্রতি ব্যাংকের অঙ্গীকার হয়েছে।







