চলমান ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হয়েছে মিশর। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হওয়া এই ম্যাচে প্রথমার্ধের ১৪ মিনিটের মাথায় গোল করে মিশরকে এগিয়ে দেন ইয়াসের ইব্রাহিম। মারওয়ান আত্তিয়ার ক্রসে নেওয়া শট থেকে গোলটি করেন তিনি, যা মিশর জাতীয় দলের হয়ে তার দ্বিতীয় গোল।​ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ ও পাল্টা আক্রমণে খেলা জমিয়ে তোলে। ম্যাচের নবম মিনিটে রদ্রিগো দে পলের ক্রস থেকে এনজো ফার্নান্দেজ গোল করার চেষ্টা করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়।এরপর ১৯ মিনিটে ডি-বক্সের ভেতর নিকোলাস তাগলিয়াফিকো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। তবে ২০ মিনিটে নেওয়া লিওনেল মেসির বাম পাশের শটটি চমৎকার দক্ষতায় ঠেকিয়ে দেন মিশরের গোলরক্ষক মোস্তফা শোবেয়র। এর আগে গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষেও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন মেসি।​ম্যাচের ৩০ মিনিটে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ফাউলের শিকার হলে ডি-বক্সের প্রায় ৩০ গজ দূরে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। মেসির নেওয়া বাঁকানো শট বারে লেগে বাইরে চলে যায়।৩৯ মিনিটে তাগলিয়াফিকোর ক্রসে হুলিয়ান আলভারেজের নেওয়া শটও দারুণভাবে সেভ করেন মিশরের গোলরক্ষক শোবেয়র। ৪৪ মিনিটে মেসির আরেকটি ফ্রি কিক সোজা গোলকিপারের গ্লাভসে গিয়ে জমা হয়।

​দ্বিতীয়ার্ধেও সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। ৫২ মিনিটে মোহামেদ সালাহ ফাউল করলে ফ্রি কিক পায় আর্জেন্টিনা, তবে সেখান থেকে লিয়ান্দ্র পারেদেসের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৫৫ মিনিটে মেসিকে পেছন থেকে টেনে ধরায় হামদি ফাথিকে ফাউলের বাঁশি বাজান রেফারি।৫৮ মিনিটে মিশর পাল্টা আক্রমণে আরেকটি গোল করলেও ভিএআর প্রযুক্তিতে তা বাতিল করা হয়, কারণ বল পাওয়ার আগে লিসান্দ্রো মার্তিনেজকে ফাউল করেছিলেন মিশরের এক ফুটবলার। গোলটি বাতিল হওয়ায় আর্জেন্টিনা উল্টো ফ্রি কিক পায়। তবে এর কিছুক্ষণ পরেই ৬৭ মিনিটে পাল্টা আক্রমণ থেকে আরও একটি গোল আদায় করে নিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মিশর।