রংপুরের মিঠাপুকুরে একটি মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতে ইসলামীর রাজনৈতিক সভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ঘোষণার ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় মুসল্লি ও বিভিন্ন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।দলীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার মাগরিবের নামাজের পর উপজেলার ইমাদপুর ইউনিয়নের চকপাড়া জামে মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে রাজনৈতিক সভা করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। সভায় ইমাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা জামায়াতের নেতা মনোহর বাদশার নাম ঘোষণা করেন উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুল। এ সময় উপজেলা জামায়াতের সেক্রেটারি শফিকুল ইসলামসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।শুক্রবার রাতে এই সভার ভিডিও ভাইরাল হওয়ার পর সমালোচনার ঝড় ওঠে। স্থানীয় বাসিন্দা নয়ন বলেন, ‘মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে দলীয় কর্মসূচি করে পবিত্র জায়গার আদব লঙ্ঘন করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’মিঠাপুকুরের হুলাশুগঞ্জ জামিয়া কুরআনিয়া দারুল উলুম মাদ্রাসার পরিচালক মুফতি মাসুদুর রহমান কাসেমী বলেন, ‘রাজনৈতিক সভায় সাধারণত অন্য দলের সমালোচনা করা হয়, যা গিবতের পর্যায়ে পড়ে। মসজিদের ভেতরে এমন চর্চা ও চেয়ার-টেবিল নিয়ে বসা সৌন্দর্যহানি ও আদব লঙ্ঘনের শামিল।’এ বিষয়ে উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুল বলেন, ‘আমরা সাধারণত মসজিদভিত্তিক প্রোগ্রাম করি, তবে এভাবে করি না। মসজিদটি বাড়ির পাশে এবং তখন কোনো লোকজন ছিল না বলে ব্যবহার করা হয়েছে। ইসলামের দৃষ্টিতে মসজিদ হচ্ছে সংসদ। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে নেতিবাচক সমালোচনা করছেন বলে শুনেছি। ভবিষ্যতে আমরা বিষয়টি খেয়াল রাখব।’ঘোষিত প্রার্থী মনোহর বাদশা বলেন, মসজিদের ভেতরে প্রার্থী ঘোষণার বিষয়টি নিয়ে মানুষ এভাবে প্রতিক্রিয়া দেখাবে তা তারা ভাবেননি। ভবিষ্যতে এ বিষয়ে সতর্ক থাকবেন বলে তিনি জানান।
রাজনীতি
মিঠাপুকুরে মসজিদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা, তোলপাড়

শেয়ার করুন







