বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় মাছের ঘের থেকে জান্নাতি আক্তার (১৪) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার কোদালিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত জান্নাতি ওই এলাকার এক সৌদি প্রবাসীর মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, জান্নাতির মা অন্যত্র বিয়ে করায় সে চাচার বাড়িতে দাদির কাছে থাকত। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে সে মাছের ঘেরের পাড়ে তাল কুড়াতে যায়। দীর্ঘক্ষণ ফিরে না আসায় স্বজনরা খুঁজতে গিয়ে ঘেরের পাড়ে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।জান্নাতির মামা আল আমীন সরদার ও স্থানীয়রা জানান, কিশোরীর মরদেহ উদ্ধারের পর স্বজনরা তড়িঘড়ি করে দাফনের প্রস্তুতি নিলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক বলেন, কিশোরীর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।