হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর শিশুটিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে সে চিকিৎসাধীন রয়েছে।সোমবার (৬ জুলাই) সকালে মাধবপুর উপজেলার উত্তর শাহপুর এলাকায় সড়কের পাশে নবজাতকটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় পথচারীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধারের সময় শিশুটির শরীরে চিকিৎসার জন্য ব্যবহৃত স্যালাইনের ক্যানুলা লাগানো ছিল।স্থানীয় সূত্রে জানা গেছে, খবর পেয়ে বাঘাসুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদসহ স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে যান। পরে শিশুটিকে উদ্ধার করে মাধবপুরের ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।আব্দুর রশিদ বলেন, খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। নবজাতকের জীবন রক্ষাকে অগ্রাধিকার দিয়ে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে শিশুটি শারীরিকভাবে সুস্থ রয়েছে। ভবিষ্যতে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।এদিকে সড়কের পাশে নবজাতক উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা শিশুটিকে সেখানে ফেলে গেছে, তা তদন্ত করে বের করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “কে বা কারা শিশুটিকে ফেলে রেখে গেছে, তা এখনো জানা যায়নি। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।”\