তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা বিজয় থালাপতির অভিনয়জীবনের শেষ ছবি ‘জনা নায়াগান’ মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী ৭৮ কোটির বেশি রুপি আয় করেছে। যদিও ছবিটি সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে, তবুও বক্স অফিসে দুর্দান্ত সূচনা করেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ভারতে ছবিটি ৪৮ কোটি ২৭ লাখ রুপি আয় করে। এছাড়া বিদেশের বাজার থেকে আরও ৩০ কোটি রুপি আয় হওয়ায় প্রথম দিনের মোট বৈশ্বিক আয় দাঁড়িয়েছে ৭৮ কোটি ২৭ লাখ রুপি।

মুক্তির প্রথম দিনে তামিল ভাষায় ছবিটির সার্বিক হল দখলের হার ছিল ৬৮ দশমিক ৩১ শতাংশ। এর মধ্যে সকালের শোতে উপস্থিতি ছিল ৭৩ দশমিক ৮৫ শতাংশ, দুপুরে ৬২ দশমিক ৪৬ শতাংশ, সন্ধ্যায় ৬৩ দশমিক ৬২ শতাংশ এবং রাতের শোতে ৭৩ দশমিক ৩১ শতাংশ।

প্রায় ৩০০ কোটির বেশি রুপি বাজেটে নির্মিত ‘জনা নায়াগান’ প্রথম দিনের আয়ের দিক থেকে বিজয়ের আগের দুটি আলোচিত ছবি ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম (GOAT)’ এবং ‘লিও’-কেও ছাড়িয়ে গেছে। ‘GOAT’ মুক্তির প্রথম দিনে ৫১ কোটি ৩৯ লাখ রুপি এবং ‘লিও’ ৭৫ কোটি ৫৩ লাখ রুপি আয় করেছিল।

তবে বক্স অফিসে সাফল্য পেলেও ছবিটির সমালোচনামূলক মূল্যায়ন ছিল মিশ্র। এক পর্যালোচনায় বলা হয়েছে, ছবির প্রথমার্ধ অনেকটাই ‘ভগবন্ত কেশরী’-এর ধাঁচ অনুসরণ করেছে। তবে যেখানে বিজয়কে স্বাভাবিকভাবে উপস্থাপন করা হয়েছে, সেসব মুহূর্তেই ছবিটি সবচেয়ে বেশি প্রাণবন্ত হয়ে উঠেছে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

এমএসএম