কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘শ্রীকান্ত’ নিয়ে পাঠচক্রের আসর করেছে মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা। ৪ জুলাই সকালে, কলেজের শহীদ মিনারে এটি অনুষ্ঠিত হয়।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শ্রীকান্ত’ বাংলা সাহিত্যের এক অনন্যসাধারণ আত্মজীবনী ধাঁচের উপন্যাস। এর চারটি খণ্ড রয়েছে। পাঠচক্রে আলোচনা করা হয় প্রথম খণ্ড।
‘শ্রীকান্ত’ এমন একটি উপন্যাস, যেখানে বাল্য-কৈশোর, তার ভবঘুরের মানসিকতা, বন্ধুত্ব, সমাজ বাস্তবতা এবং নারী জীবনের করুণ অথচ মর্যাদাপূর্ণ রূপ অত্যন্ত জীবন্তভাবে ফুটে উঠেছে। সমাজের সব মানুষ যেমন সমান হয় না, ঠিক তেমনি সব মানুষের জীবন, জাত-পাত, ধর্ম সমান হয় না। তারপরও মানুষ অন্য রকমভাবে বাঁচতে ভালবাসে। ‘শ্রীকান্ত’–এর প্রতিটি চরিত্র মানুষকে অন্য রকমভাবে বাঁচতে উৎসাহিত করে।
বন্ধু অনুপ দাস বলেন, ‘প্রত্যেকটি মানুষের অন্তরে একটি করে শ্রীকান্তর যেন বাস; যে সমাজের বাঁধাধরা নিয়ম পেরিয়ে নতুন কিংবা অন্য রকম কিছু করতে চায়।’
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন বন্ধু উদয় সরকার, সামিয়া আকতার, শারমিন লিপি, সৈয়দা তামান্না ইসলাম, রাসেল আহমেদ, হৃদিতা ও মনোয়ার মামুন।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা








