নদীর ইতিহাস, ঐতিহ্য, গুরুত্ব ও মানবসভ্যতার বিকাশে নদীর অবদান নিয়ে পাঠচক্রের আসর করেছে গাজীপুর বন্ধুসভা। ২৮ অক্টোবর বিকেলে প্রথম আলো গাজীপুর অফিসের বন্ধুসভাকক্ষে অনুষ্ঠিত এই পাঠচক্রে আলোচনা করা হয় জাতীয় নদী রক্ষা পদকপ্রাপ্ত মো. মনির হোসেন রচিত বই ‘নদীকাহন’ নিয়ে।

পাঠচক্রে আলোচকেরা নদীর সৃষ্টি ও ইতিহাস, বাংলাদেশের ঐতিহ্যে নদীর ভূমিকা এবং মানবসভ্যতার বিকাশে নদীর অবদান তুলে ধরেন। একই সঙ্গে নদীদূষণ, নদী ভরাট ও অপরিকল্পিত নগরায়নের কারণে সৃষ্ট পরিবেশগত বিপর্যয় নিয়েও আলোচনা হয়। আলোচনায় উঠে আসে বিভিন্ন কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠানের বর্জ্য, বিশেষ করে ট্যানারির বর্জ্য এবং মানুষের নানা কর্মকাণ্ডের ফলে নদীদূষণের ভয়াবহতা।

নদীদূষণের ফলে জীববৈচিত্র্য, পরিবেশ ও মানুষের জীবন-জীবিকার ওপর বিরূপ প্রভাবের বিষয়েও বন্ধুরা মতামত দেন। সাম্প্রতিক সময়ে নেপালে ঘটে যাওয়া বন্যার প্রসঙ্গ টেনে বন্যা ও পরিবেশগত বিপর্যয়ের কারণ এবং এর প্রভাব নিয়েও আলোচনা করা হয়।

গাজীপুর বন্ধুসভার পাঠচক্রের আসর।

সভাপতি বাবুল ইসলাম বলেন, ‘নদীকাহন’ নদীর মতোই প্রবহমান নদীবিষয়ক জ্ঞানের প্রতীক। নদীকে জানতে ও নদী রক্ষায় সচেতনতা গড়ে তুলতে এ ধরনের পাঠচক্রের গুরুত্ব রয়েছে।

সাধারণ সম্পাদক আরিফ হোসেন বলেন, ‘নদী আমাদের মায়ের মতো। নদীকে রক্ষা করা আমাদের কর্তব্য। নদীর প্রতি মানুষের দায়িত্ববোধ থেকে নদী রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি আশিকুল ইসলাম খান, দপ্তর সম্পাদক মারফুয়া আহম্মেদ, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক তামিম মল্লিক, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ইতিহাস সরকার, কার্যনির্বাহী সদস্য ইয়াকিনুর ইসলাম ভূঁইয়া, বন্ধু মারুফ আল ইমন, বৃষ্টি আক্তার, ফাতেমা আক্তার, নাঈমা আক্তার, আফরিন জাহানসহ অনেকে।

বন্ধু, গাজীপুর বন্ধুসভা