জামালপুরের দেওয়ানগঞ্জে এইচএসসি পরীক্ষায় নকল করার অভিযোগে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) ইংরেজি প্রথম পত্র পরীক্ষার সময় দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের বহিষ্কার করেন।

জানা গেছে, বহিষ্কৃত পরীক্ষার্থীরা সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল কলেজের শিক্ষার্থী। তারা কেন্দ্রের ৪০১, ৪০২, ৪০৩ ও ৫০২ নম্বর কক্ষে পরীক্ষা দিচ্ছিলেন। কেন্দ্রে প্রবেশের সময়ে নকল সঙ্গে নিয়ে আসেন তারা। পরিদর্শনের সময় তাদের কাছে নকল পাওয়া গেলে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, কেন্দ্র পরিদর্শনের সময় হাতে-নাতে নকল পাওয়ায় পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

হৃদয় আহম্মেদ/এনএইচআর/এএসএম