নোয়াখালীর সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় উপজেলা মডেল জামে মসজিদের খতিবের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খতিবের নাম মুফতি মাকছুদ আলম (৩৬)। তিনি উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জনতা বাজার এলাকার নুরুল আলম সওদাগরের ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে মাকছুদ আলম উপজেলার চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় শ্বশুরবাড়িতে ছিলেন। আজ ভোরে সেখান থেকে তিনি ফজরের নামাজ পড়ানোর উদ্দেশে মোটরসাইকেল চালিয়ে উপজেলা মডেল মসজিদে যাচ্ছিলেন। পথে দ্রুতগতির একটি ট্রাক তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান দুর্ঘটনায় মাকছুদ আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছে।